
দেশের পর্যটন খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে আজ শনিবার দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’। এবার ১৬টি ক্যাটাগরিতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ পুরস্কার দিচ্ছে।
বাংলাদেশের পর্যটনশিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল পর্যটন, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে এ পুরস্কারের আয়োজন করা হয়েছে। ট্যুরিজম বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন শাখায় পাওয়া মনোনয়ন যাচাই-বাছাই করে জুরিবোর্ড বিজয়ীদের নির্বাচন করেছে।
আজ বেলা আড়াইটায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।
বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ হিসেবে পুরস্কার পাচ্ছে শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট অপটিমাইজেশন। বর্ষসেরা পাঁচ তারকা হোটেল শাখায় নির্বাচিত হয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। বর্ষসেরা চার তারকা হোটেল হয়েছে হোটেল আগ্রাবাদ। আর বর্ষসেরা তিন তারকা হোটেল ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচপিএলসি।
বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর নির্বাচিত হয়েছে দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড। বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর হিসেবে পুরস্কার পাচ্ছে শেয়ারট্রিপ লিমিটেড।
বর্ষসেরা বিনোদন পার্ক ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স। বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চারের মেহেদী হাসান।
বর্ষসেরা হোমস্টে পুরস্কার পাচ্ছে চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস। বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নির্বাচিত হয়েছেন আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)।
বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে বিডি টিকেটস। বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন নুরানী শারমিন আফরোজ।
বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল পুরস্কার পাচ্ছে এমভি মালঙ্গী। বর্ষসেরা ট্যুর গাইড হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সারোয়ার জাহান।
বর্ষসেরা মাইস উদ্যোগ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড। আর বর্ষসেরা পর্যটন সাংবাদিকতা পুরস্কার পাচ্ছেন মো. নাঈম উল ইসলাম।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করা এবং এ খাতে উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ দেওয়া হচ্ছে।