রেস্তোরাঁর সুশি তৈরি হবে এখন বাড়িতেই

বাড়িতেই বানাতে পারেন এই সুশি। রেসিপি দিয়েছেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এক্সিকিউটিভ সু শেফ শীতল বটলেরো।

চিংড়ি ক্যালিফোর্নিয়া রোল

খেয়াল রাখতে, ভাত, মাছ, সবজি যেন একসঙ্গে রোল হয়
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ

পানি সোয়া ১ কাপ, সুশি চাল ১ কাপ, রাইস ভিনেগার ৩ টেবিল চামচ, মিরিন ভিনেগার ২ চা-চামচ, লবণ ১ চিমটি, শসা অর্ধেকটা, খোসা ছাড়ানো সেদ্ধ চিংড়ি ১০টি, মেয়নেজ ৪ টেবিল চামচ, নরি (শুকনা সামুদ্রিক শৈবাল) ৪ শিট, তিলবীজ ২ টেবিল চামচ, চিকন লম্বা আকারে কেটে নেওয়া গাজর ১টি, পিকেলড জিঞ্জার পরিমাণমতো, ওয়াসাবি অল্প পরিমাণে, সয়া সস পরিমাণমতো।

 প্রণালি

চুলার ওপর একটি সসপ্যানে পানি ও চাল একসঙ্গে বসান। পানি বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। আঁচ কমিয়ে ঢেকে দিন। চাল নরম না হওয়া পর্যন্ত চুলায় রাখুন। প্রায় ২০ মিনিটের মতো রাখতে হবে। এর মধ্যে চাল পানি শোষণ করে নেবে। চুলা থেকে সরিয়ে নিন সসপ্যান। এবার ভিনেগার, মিরিন ও লবণ ভাতে দিয়ে ভালোভাবে মেশান। কিছুটা ঠান্ডা হওয়ার জন্য ৫ মিনিট রেখে দিন। শসা লম্বা চিকন করে কেটে দিন। চিংড়ি ও মেয়নেজ একসঙ্গে মাখিয়ে নিন। বাঁশের শিটের ওপর একটি নরি শিট মাঝবরাবর ভাঁজ করে রাখুন। কিছুটা ভাত নিয়ে নরি শিটের ওপর সমানভাবে চেপে চেপে বসান। কাজটি করার জন্য হাত ভিজিয়ে নিতে হবে। না হলে ভাত হাতে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। চারপাশ দিয়ে এক থেকে তিন ইঞ্চির মতো জায়গা খালি রাখতে হবে। ওপর দিয়ে তিল ছড়িয়ে দিন। এবার ভাতসহ নরি শিটটি উল্টে ফেলুন। ওপরে ঠিক মাঝামাঝি জায়গায় চিংড়ি, শসা, গাজর দিন। বাঁশের চিকসহ পুরো জিনিসটি এবার রোল করুন। খেয়াল রাখবেন, ভাত, মাছ, সবজি যেন একসঙ্গে নিয়ে রোল করা হয়। গড়িয়ে নেওয়ার সময় কিছুটা চাপ দিতে হবে। এতে ভেতরের উপকরণগুলো আঁটসাঁট হয়ে থাকবে। সমানভাগে কেটে দিন গোল আকার করে। পিকেলড জিঞ্জার, ওয়াসাবি ও সয়া সস দিয়ে পরিবেশন করুন।