ঈদের দিন রাঁধতে পারেন সিলেটের আখনি বিরিয়ানি। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
তেল আধা কাপ ও ১ টেবিল চামচ
আদাবাটা ১ টেবিল চামচ ও আধা চা–চামচ
রসুনবাটা ১ চা চামচ ও আধা চা-চামচ
পেঁয়াজকুচি আধা কাপ ও সামান্য
জিরাগুঁড়া সিকি চা-চামচ
টমেটোকুচি আধা কাপ
জিরাগুঁড়া ১ টেবিল চামচ
ধনেগুঁড়া ১ চা–চামচ
লবণ স্বাদমতো
শর্ষেবাটা ১ টেবিল চামচ
বাদামবাটা ১ টেবিল চামচ
পাঁচফোড়নবাটা ১ চা-চামচ
টক দই ২ টেবিল চামচ
গরুর মাংস ৭৫০ গ্রাম
গোটা জিরা ১ টেবিল চামচ
গোটা মেথি আধা চা–চামচ
বড় এলাচি ২টি, লবঙ্গ কয়েকটি
ছোট এলাচি কয়েকটি
দারুচিনি কয়েক টুকরা
তেজপাতা কয়েকটি
পোলাও চাল ১ কাপ
কাঁচা মরিচ ৭-৮টি
গাজর ছোট টুকরা আধা কাপ
সবুজ মটরশুঁটি আধা কাপ
গরম পানি ৩ কাপ, বিরিয়ানি মসলা আধা চা–চামচ (এলাচি, দারুচিনি, লবঙ্গ, বড় এলাচি ও কাবাব মসলা), কালো গোলমরিচ আধা চা–চামচ।
প্রথমে কড়াইয়ে আধা কাপ তেল গরম করে নিন।
তাতে আদাবাটা ও রসুনবাটা ভেজে নিন। এরপর আধা কাপ পেঁয়াজকুচি ও জিরাগুঁড়া দিয়ে ভাজুন।
পেঁয়াজ হালকা বাদামি হলে টমেটোকুচি দিন। তারপর জিরাগুঁড়া, ধনেগুঁড়া, লবণ, শর্ষেবাটা, বাদামবাটা, টক দই ও পাঁচফোড়নবাটা সামান্য পানি দিয়ে কষান।
মসলা কষে এলে মাংস দিয়ে নাড়ুন। মাঝারি আঁচে ঢেকে মাংস সেদ্ধ করুন। প্রয়োজনে সামান্য গরম পানি দিতে পারেন।
অন্য একটি পাত্রে ১ টেবিল চামচ তেল গরম করে সামান্য পেঁয়াজকুচি ভেজে নিন। এরপর গোটা জিরা, মেথি, বড় এলাচি, লবঙ্গ, ছোট এলাচি, দারুচিনি ও তেজপাতা দিয়ে হালকা ভেজে নিন।
তাতে আধা চা-চামচ আদাবাটা ও আধা চা-চামচ রসুনবাটা দিয়ে নেড়ে পোলাও চাল ঢেলে দিন।
চালের সঙ্গে কাঁচা মরিচ, গাজর ও সবুজ মটরশুঁটি মিশিয়ে নেড়ে নিন। এবার তিন কাপ গরম পানি দিন।
পানি কিছুটা শুকিয়ে এলে বিরিয়ানি মসলা, কালো গোলমরিচ ও রান্না করা মাংস দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে আরও ১০ মিনিট দমে রাখুন।