দেখে নিন সুনেরাহ বিনতে কামালের রান্নায় কিছু নিজস্ব কৌশল

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের রান্নায় আছে কিছু নিজস্ব কৌশল। কী সেই কৌশল, দেখে নিন।

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল রাঁধতে ভালোবাসেন।
ছবি: কবির হোসেন

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল রাঁধতে ভালোবাসেন। রান্নায় তাঁর আছে কিছু নিজস্ব কৌশল। এই যেমন রান্নায় প্রচুর রসুন ব্যবহার করেন। এ ছাড়া লাল মরিচ ও লেবুর প্রাধান্য থাকে। ‘বর্ণিল খাবারদাবার ২০২৪’-এর প্রচ্ছদে এসেছিলেন এই অভিনেত্রী। তিনি জানালেন, মটর দিয়ে বিশেষ কৌশলে ভাত রান্না করেন তিনি। যে ভাত মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। তাঁর হাতে তৈরি গার্লিক বিফ সালাদও নাকি সবাই বিশেষভাবে পছন্দ করে।

প্রচ্ছদের জন্য রাত জেগে রান্না করেছিলেন সুনেরাহ। সেখান থেকেই ২টি রেসিপি দেখে রাঁধতে পারেন ঈদের রান্না।

গার্লিক বিফ সালাদ

উপকরণ

  • হাড়ছাড়া মাংস ২৫০ গ্রাম

  • মাখন ২ টেবিল চামচ

  • গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ

  • পেঁয়াজ ৩টি

  • শসা ১টি

  • টমেটো ২টি

  • গাজর ১টি

  • লেবুর রস ২ টেবিল চামচ

  • ফিশ সস ৪ টেবিল চামচ

  • কাঁচা মরিচ ২টি

সুনেরাহর হাতে তৈরি গার্লিক বিফ সালাদ সবাই বিশেষভাবে পছন্দ করে।

প্রণালি:

  • প্রথমেই মাংসের টুকরাগুলোকে ভালোভাবে ধুয়ে স্ট্রিপের মতো লম্বা করে কেটে নিন।

  • এবার লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিন।

  • একটা পাত্রে অল্প আঁচে মাখন গলিয়ে মাংস দিয়ে কয়েক মিনিট নেড়ে নিন।

  • হালকা রান্না করে পাত্রটা নামিয়ে মাংস ঠান্ডা করে নিন।

  • এবার শসা, টমেটো, গাজর ও কাঁচা মরিচ কুচি করে নিন।

  • পেঁয়াজগুলো রিং রিং করে কেটে নিন।

  • মাংস ঠান্ডা হয়ে এলে লেবুর রস, ফিশ সসসহ সব একসঙ্গে মিশিয়ে নিন।

মটর পোলাও

উপকরণ

  • চাল ১ কেজি

  • মটর ৩ কাপ

  • তেল আধা কাপ

  • পেঁয়াজ আধা কাপ

  • দারুচিনি ২টি

  • ভাঙা এলাচি ৩ টুকরা

  • তেজপাতা ১টি

  • আদাবাটা ১ চা-চামচ

  • রসুনবাটা ১ চা-চামচ

  • লবণ ২ চা-চামচ

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের রান্নায় আছে কিছু নিজস্ব কৌশল।

প্রণালি

  • চাল ভালো করে ধুয়ে রাখুন।

  • একটি পাত্রে গরম তেলে পেঁয়াজটা বাদামি করে ভাজতে হবে।

  • এরপর আদা, রসুনবাটা ও তেজপাতা দিয়ে কষিয়ে নিন।

  • এবার চাল দিয়ে চুলায় অল্প আঁচে নাড়তে থাকুন।

  • চাল ভাজা হয়ে এলে মটর মিশিয়ে নিন।

  • মটরসহ চাল কষানো হলে ফুটন্ত গরম পানি দিতে হবে।

  • এবার চুলার আঁচ বাড়িয়ে বলক তুলতে হবে।

  • চাল ফুটে উঠলে আঁচ কমাতে হবে।

  • পানি শুকিয়ে পোলাও ঝরঝরে হয়ে এলে নামিয়ে ফেলতে হবে।