ঐতিহ্যবাহী খাবার নিয়ে কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে উৎসব
ঐতিহ্যবাহী খাবার নিয়ে কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে উৎসব

চুইমাংস থেকে গুঠিয়ার সন্দেশ—সবই পাওয়া যাবে যে উৎসবে

ঢাকার বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মুজিব’স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল : টেস্ট অব বাংলাদেশ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার নিয়ে আয়োজিত উৎসবটি চলবে ৬ মে পর্যন্ত।

উৎসব উপলক্ষে আজ বুধবার ঢাকার একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উৎসবের বিষয়বস্তু তুলে ধরেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতির প্রচার ও অঞ্চলভিত্তিক খাবারের টেকসই সংরক্ষণের উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে টেস্ট অব বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল। বাংলাদেশের গ্যাস্ট্রোনমি ট্যুরিজমের প্রচারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উৎসব উপলক্ষে আজ বুধবার ঢাকার একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

সংবাদ সম্মেলনে জানানো হয়, টেস্ট অব বাংলাদেশ উৎসবে ৪৩টি স্টলের মাধ্যমে ৩৯টি প্রতিষ্ঠান খাবার উপস্থাপন ও বিক্রি করবে। যেখানে খুলনার চুইঝালের মাংস, চট্টগ্রামের মেজবান, ঢাকার হাজির বিরিয়ানি, বিউটির লাচ্ছি, বাকরখানি, বরিশালের গুঠিয়ার সন্দেশ, বগুড়ার দই, কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই, নাটোরের কাঁচাগোল্লা, খাগড়াছড়ির ব্যাম্বু চিকেন, ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডাসহ অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী খাবার থাকবে। এ ছাড়া হোটেল ইন্টারকনটিনেন্টাল, প্যান প্যাসিফিক সোনারগাঁও, হোটেল ওয়েস্টিনের মতো বিখ্যাত চেইন হোটেলগুলোও তাদের বাংলাদেশি খাবার উপস্থাপন করবে। উৎসবটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় এবং উৎসব পরিচালনা প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদেকুল আরেফিন।