ঈদের আমেজ এখনো আছে। বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারেন এই পদটি। রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার।
উপকরণ:
মুরগি: ১ কেজি (বড় টুকরা)
পেঁয়াজ বেরেস্তা: সিকি কাপ
কুকিং ক্রিম: সিকি কাপ
আদাবাটা: ১ টেবিল চামচ
রসুনবাটা: ২ চা–চামচ
লাল মরিচগুঁড়া: সিকি চা–চামচ
জিরাগুঁড়া: ১ চা–চামচ
গরমমসলার গুঁড়া (জায়ফল–জয়ত্রী–এলাচি– সাদা গোলমরিচ একসঙ্গে গুঁড়া করা): ১ চা–চামচ
টক দই (পানি ঝরানো): সিকি কাপ
কাজু ও পেস্তাবাদামবাটা: ২ টেবিল চামচ
পোস্তবাটা: ১ টেবিল চামচ
আস্ত জিরা, দারুচিনি ও তেজপাতা (ফোড়নের জন্য): আন্দাজমতো
কাঁচা মরিচ: ১০টি
তেল: আধা কাপ
লবণ: স্বাদমতো।
প্রণালি
দই ও বেরেস্তা ব্লেন্ড করে নিন। একটি বোলে মাংস নিয়ে তার সঙ্গে সামান্য তেল, পেঁয়াজবাটা, আদা–রসুনবাটা, হলুদ, মরিচগুঁড়া, জিরাবাটা, পোস্তবাটা, জায়ফল–জয়ত্রী ও টক দইয়ের মিশ্রণ মাখিয়ে রাখুন ২ ঘণ্টা। এখন যে হাঁড়িতে মাংস রান্না করবেন, সেটা চুলায় বসিয়ে তেল দিন। তেজপাতা ও গরমমসলার ফোড়ন দিয়ে মেরিনেটেড মাংস ঢেলে ধীরে ধীরে কষান। অল্প আঁচে ২০ মিনিট ঢেকে মাংসের পানিতেই সেদ্ধ হতে দিন। মাংসটা একটু পরপর নেড়ে দিন। মাংস অর্ধসেদ্ধ হলে বাদামবাটা দিন। আবারও অল্প আঁচে ঢেকে দমে রাখুন ২০ মিনিট। ঢাকনা খুলে চেক করুন। মাংস সেদ্ধ না হলে সামান্য গরম পানি দিন। মাংস নরম হয়ে গেলে কুকিং ক্রিম, কাঁচা মরিচ ও কিশমিশ দিয়ে ৫ মিনিট ঢেকে নামিয়ে নিন।