বাবার ৫০তম জন্মদিন উপলক্ষে মেয়ে হারপার বেকহাম ‘স্যার ডেভিড বেকহাম রোজ’ নামের বিশেষ গোলাপের জাত উপহার দিয়েছেন ডেভিড বেকহামকে
বাবার ৫০তম জন্মদিন উপলক্ষে মেয়ে হারপার বেকহাম ‘স্যার ডেভিড বেকহাম রোজ’ নামের বিশেষ গোলাপের জাত উপহার দিয়েছেন ডেভিড বেকহামকে

ডেভিড বেকহামের জন্মদিনে মেয়ে দিল এক অভিনব উপহার

একসময়ের জনপ্রিয় ইংলিশ ফুটবলার স্যার ডেভিড বেকহামের নামে চাষ করা হয়েছে বিশেষ জাতের এক গোলাপ। আর সেটাই বাবার ৫০তম জন্মদিনে উপহার হিসেবে দিল হারপার বেকহাম।

হারপারের বিশেষ অনুরোধে এই গোলাপ চাষে গত এক বছর লেগে ছিল ‘ডেভিড অস্টিন রোজেস’ নামের প্রতিষ্ঠানটি। গত বছর ডেভিড বেকহামের ৫০তম জন্মদিন উপলক্ষে তাঁর মেয়ে হারপার বেকহামের অনুরোধ ও ইচ্ছায় শুরু হয় এই গোলাপ চাষের কাজ।

১৪ বছর বয়সী হারপার বাবাকে এমন কিছু উপহার দিতে চেয়েছিল, যা অনেক দিন পৃথিবীতে থেকে যাবে। সময়ের সঙ্গে বড় হবে আর সেটা দেখলেই বাবার কথা মনে পড়বে। সেই চিন্তা থেকেই চাষ হলো ‘স্যার ডেভিড বেকহাম রোজ’। এই গোলাপেই লেখা হয়ে গেল বাবা-মেয়ের ভালোবাসার গল্প।

ফ্লাওয়ার শোতে রাজা চার্লস ও রানী ক্যামিলার সঙ্গে ডেভিড বেহাম

গতকাল ১৯ মে থেকে গোলাপটির দেখা মিলছে বিভিন্ন ওয়েবসাইটে। গাছ ও মেয়ের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বেকহাম নিজেও।

এ বছর চেলসি ফ্লাওয়ার শোয়ে আনুষ্ঠানিকভাবে সবার সামনে আনা হয় এই গোলাপ। ১৯ থেকে ২৩ মে পর্যন্ত লন্ডনের রয়্যাল হসপিটাল চেলসির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুল ও বাগান প্রদর্শনীগুলোর একটি এই ফ্লাওয়ার শো। প্রতিবছর এখানে নতুন বাগানের নকশা, দুর্লভ গাছপালা আর চোখধাঁধানো ফুলের প্রদর্শনী দেখতে ভিড় করে হাজারো মানুষ।

নিজ নামের গোলাপে তৈরি ল্যাপেল পরে এসেছিলেন ডেভিড বেকহাম

এক বছর আগে ডেভিড বেকহাম যখন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে এই ফ্লাওয়ার শোয়ে এসেছিলেন, তখন তাঁর কোটের ল্যাপেলে লাগানো ছিল ডেভিড অস্টিন রোজেসের চাষ করা আরেকটি বিশেষ গোলাপ—‘কিংস রোজ’।

এ বছরও চেলসি ফ্লাওয়ার শোয়ে একসঙ্গে দেখা যায় রাজা চার্লস ও ডেভিড বেকহামকে। তবে এবার নিজের নামের গোলাপে তৈরি ল্যাপেল পরে এসেছিলেন ডেভিড বেকহাম।

গোলাপটি কেমন

পৃথিবীতে ফুটেছে নতুন জাতের গোলাপ ‘স্যার ডেভিড বেকহাম রোজ’

বেকহামের নামের গোলাপটি কুঁড়ি অবস্থায় এক রঙের, ফুটলে হয়ে যায় আরেক রঙের। পাপড়ির মাঝখানের সোনালি অংশগুলো এত সুন্দর যে সহজেই চোখ আটকে যায়।

সৌন্দর্যের পাশাপাশি ঘ্রাণেও বেশ আলাদা। এতে মধু, কস্তুরি, নুগাট আর লবঙ্গের মতো কোমল মিষ্টি সুবাস পাওয়া যায়। প্রথমে ফুল থেকে ভেসে আসে সবুজ কলার ঘ্রাণ। পরে ধীরে ধীরে তা মধুর মতো কোমল সুবাসে বদলে যায়। ফুল পুরোপুরি ফুটলে আবার নুগাট আর লবঙ্গের ঘ্রাণও টের পাওয়া যায়।

গোলাপটির ডালগুলো বেশ শক্তপোক্ত

ডেভিড অস্টিন রোজেস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, গাছটি সোজাভাবে বেড়ে ওঠে এবং এর ডাল বেশ শক্ত ও ছড়ানো। মাঝারি আকারের ফুলগুলো দেখতে অনেকটা কাপের মতো গভীর। বাইরের পাপড়িগুলো ওপরের দিকে হালকা বাঁকানো থাকে।

গোলাপের সঙ্গে মানবিক উদ্যোগ

‘স্যার ডেভিড বেকহাম রোজ’ বিক্রি হলেই প্রতিটি গাছ থেকে আড়াই পাউন্ড যাবে দ্য কিংস ফাউন্ডেশনে

এই গোলাপের সঙ্গে যুক্ত আছে মানবিক একটি উদ্যোগও। ‘স্যার ডেভিড বেকহাম রোজ’ বিক্রি হলেই প্রতিটি গাছ থেকে আড়াই পাউন্ড যাবে দ্য কিংস ফাউন্ডেশনে।

এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন ডেভিড বেকহাম। প্রতিষ্ঠানটি টেকসই কমিউনিটি গড়ে তোলা, ঐতিহ্যবাহী কারুশিল্প সংরক্ষণ এবং পরিবেশ নিয়ে নানা কাজ করে।

গোলাপের গাছগুলো ১৮ মে থেকে ডেভিড অস্টিন রোজেসের ওয়েবসাইট, শ্রপশায়ারের প্ল্যান্ট সেন্টার এবং নির্বাচিত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। ডেভিড গোলাপের একেকটি গাছের দাম শুরু ২৭ দশমিক ৫০ পাউন্ড থেকে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৪ হাজার টাকা।

সূত্র: বিবিসি, ডেভিড অস্টিন রোজেস ও আরএইচএস