সার্ভার ডাউন, বিয়ে করতে গিয়ে বিপাকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর
সাত বছরের প্রেম। বিয়ের দিনও ঠিকঠাক। কিন্তু বিয়ে করতে গিয়ে বাধল বিপত্তি। শেষ পর্যন্ত কীভাবে বিয়ে করলেন জনপ্রিয় ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর কাভিয়া কার্নাটাক? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁদের বিয়ের গল্প।
জীবনযাপন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে জনপ্রিয় ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর কাভিয়া কার্নাটাক ও বরুণ পান্ডের বিয়ের ছবি ও ভিডিও। কাভিয়া অবশ্য তরুণদের কাছে বেশি পরিচিত তাঁর ‘কেকে ক্রিয়েট’ প্ল্যাটফর্মের মাধ্যমে।ভারতের উত্তরাখন্ডের নৈনিতালে জন্ম কাভিয়ার। দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রীরাম কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক করেছেন। পরে মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস থেকে মিডিয়া অ্যান্ড কালচারাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।২৯ বছর বয়সী কাভিয়ার সঙ্গে বরুণ পান্ডের প্রেমের সম্পর্ক প্রায় সাত বছরের। বরুণও ‘কেকে ক্রিয়েট’–এর সহপ্রতিষ্ঠাতা। কনটেন্ট নির্মাণ, বিশেষ করে দীর্ঘ ভিডিও তৈরির কাজে যুক্ত তিনি।২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে লাদাখে কাভিয়াকে বিয়ের প্রস্তাব দেন বরুণ। কাভিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার কখনোই বিয়ের পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে আমি অনেক ভেবেছি। মানুষ কেন বিয়ে করে? ঠিক কী কারণে? ঠিকমতো বুঝতেও পারিনি। তবে বিয়ের প্রস্তাবে “হ্যাঁ” বলে দিয়েছি।’
বিজ্ঞাপন
২৫ নভেম্বর আইনিভাবে বিয়ে করেন কাভিয়া ও বরুণ। এর দুই দিন পর ২৭ নভেম্বর ‘আই গট ম্যারিড’ শিরোনামে বিয়ের অভিজ্ঞতা নিয়ে একটি ভ্লগ প্রকাশ করেন কাভিয়া।ভারতের ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইন (স্পেশাল ম্যারেজ অ্যাক্ট) অনুযায়ী বিয়ে করেছেন এই জুটি। কাভিয়া জানিয়েছেন, বিয়ের আইনি ও সামাজিক দিকগুলো বুঝতে গিয়েই এই আইন সম্পর্কে জানতে পারেন তিনি। ভারতে বিভিন্ন ধর্মের অনুসারীদের জন্য আলাদা বিবাহ আইন আছে। তবে বিশেষ বিবাহ আইনে ধর্মনির্বিশেষে আইনি শর্ত পূরণ সাপেক্ষে বিয়ে করা যায়। কাভিয়া ও বরুণ বেছে নিয়েছেন এই আইনই।বিয়ে করতে গিয়ে একাধিকবার বিপত্তিতে পড়তে হয়েছে তাঁদের। একবার বরুণের নামের বানানে ভুল, আরেকবার সার্ভারের সমস্যায় আটকে যায় বিয়ের আনুষ্ঠানিকতা। কাভিয়া বলেন, ‘বরুণের যে বাইকে করে আমরা পুরো ভারত ঘুরে ভ্লগ বানিয়েছি, সেই বাইকে চড়েই বিয়ে করতে গিয়েছিলাম। আমার মা–বাবাও উপস্থিত ছিলেন। কয়েকজন কাছের বন্ধু আর আলোকচিত্রীও এসেছিলেন। গিয়ে দেখি, সার্ভার ডাউন। বিয়ে হলো না।’দুই দিন পর অবশেষে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সারেন কাভিয়া ও বরুণ। সে সময় উপস্থিত ছিলেন কাভিয়ার মা–বাবা ও তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু।বিয়ের পর ভিডিও কলে কথা বলেন বরুণের মা–বাবার সঙ্গে।আইনি বিয়ের পর আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব নিয়ে ঘটা করে উদ্যাপনও করেছেন এই জুটি। দুই পরিবারের সদস্য ও বন্ধুদের সামনে একে অপরকে কথা দিয়েছেন, শারীরিক, মানসিক ও আর্থিকভাবে সুস্থ-সুন্দর জীবন কাটাবেন।বিয়ের আসরে কাভিয়ার প্রবেশের সময় বাজছিল আবিদা পারভিন ও নাসিবো লালের গাওয়া ‘তু ঝুম’। কাভিয়ার ভাষায়, ‘বিয়েতে পুরুষের কণ্ঠে গান শুনতে শুনতে আমি বিরক্ত। তাই আবিদা পারভিনের শক্তিশালী কণ্ঠে “তু ঝুম” গানটি বাজতে বাজতেই মঞ্চে বরুণের কাছে পৌঁছালাম।’
কাভিয়া ও বরুণের বিয়েতে ছিল না কনের বিদায়ের প্রচলিত আনুষ্ঠানিকতা।মেয়ের বিয়েতে কী বলবেন, তা নিয়ে কাভিয়ার বাবার প্রস্তুতি চলছিল তিন মাস ধরে! কাভিয়া বলেন, ‘আমার বাবা তিন মাস ধরে চ্যাটজিপিটির সাহায্য নিয়ে মেয়ের বিয়েতে কী বলবেন, তার স্ক্রিপ্ট সাজিয়েছেন। মঞ্চে ওঠার সময় মা সেই স্ক্রিপ্ট রেখে দিয়ে বলেন, “তুমি নিজের মন থেকে কথা বলবে।” বাবা তা–ই করেছেন।’ বাবার মুখে নিজের সম্পর্কে এত সুন্দর কথা শুনে আবেগপ্রবণ হয়েছেন কাভিয়া। নিজেকে ভাগ্যবানও মনে করেন তিনি।বাংলাদেশের দর্শকের কাছেও কাভিয়া পরিচিত মুখ। এ বছরের ৯ অক্টোবর ‘কেকে ক্রিয়েট’–এর ইউটিউব চ্যানেলে বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রকাশিত হয়। ‘ইনসাইড ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্যাশন স্লাম’ শিরোনামের ভিডিওটিতে ঢাকার তৈরি পোশাকশিল্প, শ্রমিকদের জীবন, মজুরি, কর্মপরিবেশ, শিশুশ্রম ও পরিবেশদূষণ নিয়ে নানা বিষয় তুলে ধরা হয়েছে। প্রকাশের এক মাসের মধ্যে ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে ৪২ লাখের বেশিবার।
আরেক জনপ্রিয় ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠির সঙ্গে কাভিয়ার রাজনৈতিক আলোচনার একটি ভিডিও শুধু ইউটিউবেই দেখা হয়েছে ১ কোটি ২০ লাখবার।বরুণের হাতে লেখা কাভিয়ার নাম।মেয়ের বিয়েতে নাচছেন কাভিয়ার বাবা।
নৈনিতালের পাহাড় আর ঝিরির মাঝে কাভিয়ার পৈতৃক নিবাসের কাছেই বসেছিল বিয়ের আসর।পাহাড়ি ব্যান্ডের গানের তালে গভীর রাত পর্যন্ত চলে নাচানাচি।সাত বছরের প্রেমের পর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কাভিয়া ও বরুণ। তরুণদের কাছে জনপ্রিয় এই জুটি এখন ভাসছেন ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায়।