দীর্ঘ ১০ বছরের সম্পর্ক। মাঝখানে বাগদান, সন্তান, বিশ্বকাপ—সব মিলিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো। ১১ আগস্ট পর্তুগালের কাসকাইসে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছেন রোনালদো ও জর্জিনা। তাঁদের পাঁচ সন্তানও এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিল।

বিয়ের অনুষ্ঠানটি ঠিক কোথায় হয়েছে, তা এখনো জানাননি রোনালদো বা জর্জিনা। পর্তুগিজ সংবাদমাধ্যমের প্রতিবেদনে কাসকাইসের নাম এলেও অনুষ্ঠানের নির্দিষ্ট স্থান নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অনুষ্ঠানটি রোনালদোর নিজের বাড়িতে হয়ে থাকতে পারে, এমন সম্ভাবনার কথা উঠেছে। কারণ, এত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত ক্যামেরা ও গণমাধ্যমের নজর থেকে দূরে রাখতে নিজেদের বাড়ির চেয়ে নিরাপদ জায়গা আর কী হতে পারে!
রোনালদোর বাড়িটি পর্তুগালের কাসকাইসের অভিজাত এলাকা কুইন্টা দা মারিনায়। কয়েক বছর ধরে নির্মাণের পর তৈরি এই বিশাল বাড়িতে আছে একাধিক বেডরুম, সুইমিংপুল, জিম, স্পা, সিনেমা হল, বোলিং অ্যালি এবং বড় ভূগর্ভস্থ গ্যারেজ।
তবে বাড়িটিই যে বিয়ের ভেন্যু ছিল, এটা এখনো হলফ করে বলা যাচ্ছে না। কারণ, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাই এটিকে আপাতত সম্ভাবনা হিসেবেই দেখা হচ্ছে।
রোনালদো ও জর্জিনার বিয়ের খবর অবশ্য একেবারে অপ্রত্যাশিত নয়। ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বাগদানের খবর প্রকাশ করেছিলেন।
সেই সময় একটি বড় আংটির ছবি দিয়ে তিনি বিয়েতে সম্মতির কথা জানিয়েছিলেন। এরপর থেকেই ভক্তদের অপেক্ষা ছিল, কবে এবং কোথায় হবে বহু প্রতীক্ষিত বিয়ে?
রোনালদোও একসময় জানিয়েছিলেন, বিশ্বকাপের পর বিয়ে করতে চান। তবে নির্দিষ্ট তারিখ বা স্থান প্রকাশ করেননি। ফলে গত কয়েক মাসে বিয়ের সম্ভাব্য তারিখ ও স্থান নিয়ে নানা জল্পনা ছড়ায়।
আগস্টের শুরুতে সেই জল্পনা আরও বেড়ে যায়। মাসের প্রথম দুই শনিবার ঘিরে তৈরি হয়েছিল নানা আলোচনা। এমনকি রোনালদো–জর্জিনার বিয়ে মনে করে আরেক নবদম্পতির বিয়েতে হাজির হয়েছিলেন কিছু ভক্ত!
রোনালদো ও জর্জিনা প্রায় এক দশক ধরে একসঙ্গে আছেন। ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি দোকানে তাঁদের পরিচয়। তখন রোনালদো খেলছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে, আর জর্জিনা ওই দোকানে কাজ করতেন।
এরপর সম্পর্ক ধীরে ধীরে গড়িয়েছে পরিবারে। পাঁচ সন্তানকে নিয়ে তাঁদের পারিবারিক জীবনও দীর্ঘদিন ধরে ভক্তদের আগ্রহের কেন্দ্রে।
এবার সেই সম্পর্ক পেল নতুন পরিচয়—স্বামী-স্ত্রী।
সূত্র: বিবিসি, মার্কা