‘হাতির সাথে আমার কি যে যোগ, জানি না, কিন্তু হাতি ভালো লাগে।’ বলছিলেন অভিনয়শিল্পী মুমতাহিনা চৌধুরী। টয়া নামেই আমরা যাকে বেশি চিনি। আর প্রজাপতি দেখলেই ফিক করে হেসে ফেলেন। জীবনের অনেকটা সময় রাঙামাটি জেলায় কাটানোর কারণেই কিনা কে জানে, খোলা আকাশে প্রজাপতির ওড়াউড়ি তাঁকে আপ্লুত করে। শপিংয়ে গেলেও তাই উড়ে বেড়ানো এই প্রাণীর মোটিফই তাঁর ভালো লাগে। এবার ঈদে নিজের জন্য কী কিনলেন টয়া? আর পরবেনই–বা কী?
ঈদের দিনের উৎসবের সকালটা হালকা রঙের পোশাকেই তাঁকে স্নিগ্ধ লাগে, এমনটা তাঁর নিজের ধারণা। তাই সকালের জন্য বেছে নিয়েছেন হালকা রঙের ছিমছাম কুর্তি।শপিংয়ে গেলে বিক্রয় প্রতিনিধিরাই আগে ভক্তের দাবি নিয়ে সামনে দাঁড়ান। হাসিমুখে ছবিও তোলেন। কখনো নিজের, কখনো বর সায়েদ জামান শাওনের ভক্তরা টিভি স্ক্রিনে দেখা হাসিখুশি এ অভিনয়শিল্পীদের বাস্তবে দেখে এগিয়ে আসেন। তাঁদের সঙ্গে টুকটাক গল্পের মধ্যেই টয়া তুলে নেন সুতির সাদা শাড়ি। কারণ, ইদানীং সাদা রঙেই বুঁদ হয়ে আছেন তিনি। ঈদের দিন বিকেলে বের হলে এটিই হবে টয়ার পোশাক। শাড়ি সামলানো অনেকের কাছেই কঠিন। টয়ার বরং উল্টো। শাড়ি পরলেই স্বাচ্ছন্দ্যে হেঁটে বেড়ানো যায় বলে এটিই তাঁর সবচেয়ে পছন্দের পোশাক।
পেশার কারণেই প্রয়োজন হয় বিভিন্ন রকমের গয়নার। তিনি তাই গয়না বাছাই করেন সচেতনভাবে আর প্রয়োজন বুঝে।
ঘর সাজানোর জন্য দৃষ্টিনন্দন যেকোনো কিছুই টয়াকে আকৃষ্ট করে। আর পছন্দ হলে সেটি কেনা চাই–ই চাই। যেন কিনে নিয়ে ঘরে নিজের আশপাশে না রাখলেই অনুতাপ হবে।
ঈদে সব সময়ই রঙিন নতুন পর্দায় বাসা সাজাতে পছন্দ করেন। নতুন বাসনপত্র ও কাটলারি টয়াকে দেয় অন্য রকম উৎসবের আবহ। ঈদে অতিথি আপ্যায়নের জন্য এবারেও কিনেছেন এসব।
তবে টয়ার কাছে ঈদের কেনাকাটায় সবচেয়ে উপভোগ্য কাজ হচ্ছে পরিবারের অন্যদের জন্য মন খুশি করা কোনো পোশাক বাছাই। বর, দেবর, শাশুড়ি, বাবা-মায়ের জন্য নতুন পোশাক কেনেন কখনো একসঙ্গে মিলিয়ে, কখনো প্রয়োজন বুঝে। সবার মধ্যে খুশি ছড়িয়ে দিতে পারলেই না উৎসবের আনন্দ।