
মালাইকা অরোরার বড় পর্দায় অভিষেক হয়েছিল ‘দিল সে…’ ছবির আইটেম সং ছাইয়া ছাইয়া দিয়ে। পরে অল্পবিস্তর অভিনয় করলেও মূলত নৃত্যশিল্পী হিসেবেই তিনি পরিচিত। ফিটনেসের জন্যও তাঁর খ্যাতি আছে। বয়স ৫০ ছুঁই ছুঁই। তবু সমানে পাল্লা দিতে পারেন নতুন নায়িকাদের সঙ্গে। ছবিতে ছবিতে জেনে নিন কীভাবে তা ধরে রেখেছেন মালাইকা।
কয়েক দশক ধরে যোগচর্চা করছেন মালাইকা। তিনি নিজেও একজন প্রশিক্ষক। সুস্বাস্থ্য ধরে রাখার পাশাপাশি মানসিক শান্তি ও আবেগের ভারসাম্য রক্ষায় যোগ তাঁকে সাহায্য করে।
পাশাপাশি নিয়মিত ব্যায়ামও করেন তিনি। বিশেষ করে স্ট্রেংথ ট্রেইনিং ও কার্ডিও। এগুলোও তাঁকে শারীরিক সক্ষমতা ধরে রাখতে সহায়তা করে।
খেতে ভালোবাসেন কেবলই স্বাস্থ্যকর খাবার। টাটকা সবজি, ফলমূল ও চর্বিহীন প্রোটিনজাতীয় খাবার। অবশ্যই তা হতে হবে ঘরে রান্না। একেবারেই এড়িয়ে চলেন প্রক্রিয়াজাতকৃত খাবার ও চিনি দেওয়া পানীয়।
সব সময় শরীর যাতে হাইড্রেটেড থাকে, তার জন্য সারা দিনে প্রচুর পানি খান। পাশাপাশি নিয়মিত পান করেন ডাবের পানি, যা ইলেকট্রোলাইটে সমৃদ্ধ। তাই সাহায্য করে শরীরকে সতেজ রাখতে।
শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। সেটা ভীষণভাবে মানেন মালাইকা। তাই নিশ্চিত করেন প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম।
ত্বকেরও নিয়ম করে যত্ন নেন মালাইকা। সে জন্য প্রতিদিন একই রুটিন মেনে চলেন। পরিষ্কারের পাশাপাশি করেন টোনিং। ব্যবহার করেন ময়েশ্চারাইজার। বাইরে যাওয়ার আগে দেন সানস্ক্রিন।
তথ্যসূত্র: অনলি মাই হেলথ