কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা

মাত্র ১২ বছর বয়সেই তারকাখ্যাতি। নেটফ্লিক্সের হিট সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে তাঁর হলিউডে পদচারণ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। হলিউডে তাঁর গ্রাফ শুধু ওপরের দিকেই উঠেছে। জনপ্রিয়তার শীর্ষে থাকতে থাকতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হলিউড অভিনেত্রী মিলি ববি ব্রাউন। মিলির গলায় মালা পরাতে যাওয়া কে এই জেক বনজিওভি?

মার্কিন রক সংগীতের সঙ্গে পরিচয় থাকলে নামটা চেনা চেনাই লাগবে। মার্কিন রক তারকা বন জভির সন্তান জেক বনজিওভি। টুকটাক সিনেমা ও গানে গলা দিলেও ২০ বছর বয়সী এই তারকা এখনো হলিউডে নিজের জায়গা তৈরি করতে পারেননি। বন জভির তিন সন্তানের মধ্যে তিনি সবচেয়ে ছোট
ছবি: জেক বনজিওভির ইন্সটাগ্রাম থেকে
ছোটবেলায় বনজিওভি ছিলেন রাগবি খেলোয়াড়। ২০১৯-২০ সালে ‘ব্লু ডেভিল’ দলের হয়ে রাগবি খেলতেন তিনি। সম্ভাবনা থাকার পরও আর খেলাধুলা চালিয়ে যাননি তিনি
মিলি নিজেই এক সাক্ষাৎকারে দুজনের পরিচয় থেকে পরিণয়ের গল্প বলেন। ‘আমাদের পরিচয় ইনস্টাগ্রামে। সেখান থেকে ভালো বন্ধু, এরপর আর কী বলার আছে?’
২০২১ সালে কোভিড-পরবর্তী নিউইয়র্কের রাস্তায় প্রথম তাদের দুজনকে একসঙ্গে হাঁটতে দেখা যায়
মিলির প্রিয় কুকুর উইনির সঙ্গেও কিন্তু তাঁর পরিচয় ঘটিয়ে দিয়েছিলেন বনজিওভি। ওই সাক্ষাৎকারেই মিলি জানান, ‘প্রায় বছর দুই আগে, আমার নিয়মিত প্যানিক অ্যাটাক হতো। সবকিছু নিয়েই আমি অনেক দুশ্চিন্তায় থাকতাম। তখনই বনজিওভি আমাকে কুকুর থেরাপি নেওয়ার কথা বলে।’ সেখান থেকেই দুজনের বন্ধুত্ব আরও গাঢ় হয়
২০২১ সালের জুনে দুজনের লং ড্রাইভের একটি ছবি দিয়ে ক্যাপশনে মিলি লেখেন, ‘বিএফএফ।’ আস্তে আস্তে গাঢ় হতে থাকে তাঁদের বন্ধুত্ব
২০২১ সালের নভেম্বর মাসে পরস্পর চুমু খাওয়ার ছবি দিয়ে নিজেদের সম্পর্কের কথা জানান দেন তাঁরা। এর পর থেকে নিয়মিতই দুজনকে দেখা গেছে একত্রে
মিলির ১৮তম জন্মদিনে ‘বার্বি’ ও ‘কেন’ পুতুল সেজেছিলেন দুজন
২০২২ সালের ‘বাফটা’য় প্রথম জুটি বেঁধে হাজির হন তাঁরা। এরপর ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজের চতুর্থ মৌসুমের প্রিমিয়ারেও দুজনকে দেখা গেছে
দুজনের ইনস্টাগ্রাম পাতায় গেলেই বোঝা যায়, প্রেমে ঠিক কতটা হাবুডুবু খাচ্ছেন মিলি ও বনজিওভি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতি মাসেই তাঁদের ঘুরতে যাওয়ার ছবি দেখা যায়
জানুয়ারি থেকেই গোপনে বাগদান সম্পন্নের উড়ো খবর ভেসে বেড়াচ্ছিল। অবশেষে আজ (১১ এপ্রিল) ইনস্টাগ্রামে নিজেদের বাগদানের খবর প্রকাশ করলেন দুজন। পরিচয় থেকে প্রণয়, অতঃপর পরিণয়ে রূপান্তরিত হচ্ছে মিলি ও বনজিওভির তিন বছরের প্রেম