কথায় আছে, বহুদিনের পুরোনো বাড়ি নাকি বাড়ির মানুষগুলোর থাকে না; বরং মানুষগুলোই বাড়িটার হয়ে যায়। ৩৭১/১ উত্তর গোড়ানের চারতলা বাড়ির জন্য এ কথা শতভাগ সত্য। চার দশকে বাড়িটা কী করে একটা পরিবারের অনন্য পরিচয় হয়ে উঠল, তা–ই শোনাচ্ছেন এই বাড়িরই তৃতীয় প্রজন্মের বাসিন্দা মুহতাসিম গালিব ইনান

‘স্বপ্ন যাবে বাড়ি’—প্রতিবছর ঈদের সময় এই বিজ্ঞাপন দেখলেই আমার চাচাতো ভাই ইজুমি বলত, ‘আল্লাহর রহমত যে দাদা আমাদের জন্য ঢাকায় একটা বাসা রেখে গেছেন। নয়তো প্রতিবার আমাদের এইভাবে যুদ্ধ করে ঈদ করা লাগত।’ শুনে আমিও চিন্তা করতাম, সত্যিই তো। ঢাকায় আমাদের একটা ঠিকানা না থাকলে কী হতো!
৩৭১/১ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ১২১৯। এ তো কেবল একটা ঠিকানা শুধু নয়, আমাদের পুরো পরিবার–স্বজনদের মাথার ওপরের ছাদ। এ এক পরিচয়, এক চিহ্ন। আমরা এই বাড়ির সন্তান। কোথাও স্থায়ী ঠিকানা লিখতে হলেই আমরা এই ঠিকানা লিখে ফেলি ঝটপট। এই সংখ্যা সাদামাটা একটা হোল্ডিং নম্বরের চেয়েও বেশি কিছু। যে যেখানেই থাকুক, গোড়ানের এই বাড়িতেই পড়ে আছে আমাদের হৃদয়।
দাদা আবদুল্লাহ আল মামুন ১৯৮২ সালে এই ঠিকানায় একটি দোতলা বাড়ি করে স্ত্রী আর ৯ সন্তানকে নিয়ে থাকতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে আমার দাদার সেই পরিবার বড় হয়েছে, বেড়েছে সদস্যসংখ্যা, বাড়িটাও দোতলা থেকে হয়ে ওঠে চারতলা।
এই ভবনেই বিরাট একান্নবর্তী পরিবারে মিলেমিশে আমাদের বেড়ে ওঠা। এটা আমাদের কারও দাদাবাড়ি, কারও নানাবাড়ি; কারও কাছে আবার ‘পাগলের বাড়ি’! ২০২০-এর নভেম্বরে বাড়ি ছাড়ার আগপর্যন্ত নিজের ‘নীড়’ বা ‘বাসা’ বলতে আমি এই বাড়িকেই বুঝতাম। আমরা চাচাতো-ফুফাতো ভাইবোনেরা অধিকাংশই বড় হয়েছি এই বাসায়। শৈশবের দুষ্টুমি, কৈশোরের চাঞ্চল্য—আমাদের সব স্মৃতির সঙ্গেই জড়িয়ে আছে এই বাড়ি। এ বাড়ির সিঁড়ি বেয়ে আমাদের ওঠানামা; লম্বা, খোলামেলা বারান্দাজুড়ে হুটোপুটি, দৌড়ঝাঁপ আর দরজার আড়ালে লুকোচুরি—আমাদের জীবনগল্পের পাতায় পাতায় এই বাড়িটারই ছবি। দেয়ালগুলোর পরতে পরতে যেন আমাদের সবার হারিয়ে যাওয়া সময়গুলো থমকে আছে। সেই দেয়াল, জীবনের বহু ঘাত-প্রতিঘাত থেকে যা আমাদের আড়াল দিয়েছে।
একটা সময় ছিল, যখন বলতে গেলে প্রায় কখনোই বাড়িটা ফাঁকা হতো না। নিমন্ত্রণেও পুরো বাড়ি ফাঁকা করে সবাই মিলে যাওয়া হতো না। কেউ না কেউ থাকতই। ‘চাঁদের হাট’ হয়ে বাড়িটা ঝলমল করত অধিকাংশ সময়। সময়ের সঙ্গে সঙ্গে একটি পরিবার থেকে হয়েছে ছোট অনেকগুলো পরিবার। কিন্তু চারতলাতেই সীমাবদ্ধ থেকেছে আমাদের প্রিয় এই বাড়ি। কিন্তু একসময় পুরোনো ভবনে সবার আর ঠাঁই হচ্ছিল না। তাই ধীরে ধীরে কেউ কেউ বাড়ি ছেড়ে যেতে শুরু করে। একসময় পরিস্থিতি এমন দাঁড়াল যে যত মানুষ বাড়ি ছাড়ছিলেন, তার চেয়েও কম মানুষ বাড়িতে থাকছিলেন। কলরবমুখর বাড়িটা ধীরে ধীরে বড্ড শূন্য মনে হতে শুরু করে। বাড়িটার আকর্ষণও কমতে থাকে।
তবে সারা বছর যে যেখানেই থাকুক না কেন, ঈদ ও বিশেষ দিনগুলোতে কিন্তু সবার গন্তব্য হতো সেই ৩৭১/১। ঈদের সময় বাড়ির সামনেই রাখা হতো আমাদের সবার কোরবানির পশু। দেখে মনে হতো, ছোটখাটো একটা হাট বসে গেছে। গত বছর পর্যন্ত প্রতি রমজানে একটাবার আমরা নিজেদের এই বাড়িতে সবাই একসঙ্গে ইফতার করেছি।
একটা ভবনের উচ্চতা বাড়ানোর জন্য ভিত্তির যে জোর থাকতে হয়, তার একটা সীমা থাকে; দাদার সময়কার এই ভবনের ভিত্তি সেই চূড়ান্ত সীমায় চলে এসেছিল। অর্থাৎ ভবনটির উচ্চতা আর বাড়ানো যাবে না। বিরাট পরিবারের চাহিদা মেটাতে আর ঠিকানাটাকে কার্যকর রাখতে ‘পুরোনো’ হয়ে যাওয়া স্মৃতিজড়ানো এই বাড়িকে ভেঙে তাই নতুন করে বড় বাড়ি গড়ার সিদ্ধান্ত হয়েছে। তাই ঈদ কিংবা আনন্দ উৎসবের সময় নিজেদের বাড়িতে সবাই এক হওয়ার যে প্রথা এত দিন ছিল, আবার তেমন একটা আয়োজন করতে আমাদের তত দিন অপেক্ষা করতে হবে, যত দিন না আমাদের এই ঠিকানায় নতুন একটা ভবন গড়ে ওঠে।
নতুন বাড়িটা হয়তো আধুনিকতার পরশে নান্দনিক হয়ে গড়ে উঠবে। অন্দরের সুযোগ-সুবিধা থাকবে আগের তুলনায় অনেক বেশি। তবে সেটা কিন্তু আমাদের আগের ‘বাড়ি’টা আর হয়ে উঠতে পারবে না কোনো দিনই।
লেখক: স্নাতকোত্তরের শিক্ষার্থী, স্থাপত্য ও প্রযুক্তি বিভাগ, নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি