কয়েক শ বছর আগের ঢাকার জীবনযাত্রা কেমন ছিল? কেমন ছিল নবাবি আমলের দরবার, আচার-অনুষ্ঠান আর সংস্কৃতি? এসব জানতে ঘুরে আসতে পারেন পুরান ঢাকার নিমতলী প্রাসাদের ঐতিহাসিক দেউড়ি ভবনে।

প্রায় ২৬০ বছরের পুরোনো এই ভবনেই গড়ে উঠেছে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর। এখানে পুরান ঢাকার ইতিহাসের নানা নিদর্শন দেখার পাশাপাশি পরিচিত হতে পারবেন একসময়ের নবাবি জীবনের সঙ্গে। কাছেই আছে দুর্লভ বই ও গবেষণাসামগ্রীসমৃদ্ধ এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগার।
আজ যে দেউড়ি ভবনে জাদুঘরটি গড়ে উঠেছে, সেটি একসময় ছিল বিশাল নিমতলী প্রাসাদের পশ্চিম দিকের প্রবেশদ্বার। ১৭৬৫–৬৬ সালে ঢাকার নায়েব-নাজিম জসরত খানের বাসস্থানের জন্য নির্মাণ করা হয়েছিল প্রাসাদটি। মোগল ও ইউরোপীয় স্থাপত্যরীতির প্রভাব ছিল এ স্থাপনায়।
একসময় নিমতলী প্রাসাদ ছিল ঢাকার প্রশাসনিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বসবাস করতেন নায়েব-নাজিমরা। তাঁদের দরবার ও আনুষ্ঠানিক নানা আয়োজনের সাক্ষী ছিল এই প্রাসাদ।
কালের পরিক্রমায় বিশাল প্রাসাদের বেশির ভাগ অংশ বিলীন হয়ে গেছে। তবে টিকে আছে ঐতিহাসিক দেউড়ি ভবন। পুরান ঢাকার সেই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই ভবনটি সংস্কার করে প্রতিষ্ঠা করা হয় এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর।
২০১৮ সালের ১১ অক্টোবর জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পরের বছরের জানুয়ারিতে এটিকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
জাদুঘরের ছয়টি গ্যালারিতে তুলে ধরা হয়েছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার ইতিহাস, দেউড়ি ভবনের সংরক্ষণ, বাংলার নায়েব-নাজিমদের শাসনামল এবং পুরান ঢাকার জীবনযাত্রা ও শিল্পকলা। বিশেষ করে ১৭০০ থেকে ১৯০০ সাল পর্যন্ত ঢাকার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা চিত্র এখানে দেখা যায়।
জাদুঘরের অন্যতম আকর্ষণ নায়েব-নাজিম নুসরত জংয়ের দরবারের ত্রিমাত্রিক উপস্থাপনা। সেই সময়ের দরবারের পরিবেশ, আচার-অনুষ্ঠান ও জীবনযাত্রার দৃশ্য দেখতে দেখতে মনে হতে পারে, ফিরে গেছেন কয়েক শ বছর আগের ঢাকায়।
প্রতিটি গ্যালারিতে আছে ইতিহাসের আলাদা গল্প। এসব নিদর্শন ও উপস্থাপনা পুরান ঢাকাকে নতুন করে চিনতে সাহায্য করবে।
জাদুঘর ঘুরে দেখার পাশাপাশি এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগার সম্পর্কেও জেনে নিতে পারেন। এখানে ইতিহাস, প্রত্নতত্ত্ব, ভাষা, সাহিত্য, সমাজ ও সংস্কৃতিবিষয়ক ২৫ হাজারের বেশি বই ও অন্যান্য সংগ্রহ আছে।
পুরোনো বই, সাময়িকী ও গবেষণাপত্রের পাতায় পাওয়া যাবে বিভিন্ন সময়ের সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনযাপনের পরিচয়। গবেষক ও শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ বইপ্রেমীরাও নির্দিষ্ট নিয়ম মেনে গ্রন্থাগার ব্যবহারের সুযোগ পান।
তবে গ্রন্থাগারের বই পড়তে হলে সদস্য হতে হবে। এশিয়াটিক সোসাইটির ওয়েবসাইটে প্রকাশিত সদস্যপদের তথ্য অনুযায়ী, সদস্যপদের তিনটি ধরন আছে।
শিক্ষার্থীদের জন্য অ্যাসোসিয়েট মেম্বারশিপের বার্ষিক ফি ৫০০ টাকা। সাধারণ পাঠকদের জন্য একই সদস্যপদের ফি ১ হাজার টাকা। এ ছাড়া জেনারেল মেম্বারশিপের বার্ষিক ফি ২ হাজার টাকা।
সদস্য হতে চাইলে নিমতলীতে অবস্থিত এশিয়াটিক সোসাইটির কার্যালয়ের সদস্যপদ বিভাগ থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। শিক্ষার্থী হিসেবে আবেদন করলে সঙ্গে রাখতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র। নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে গ্রন্থাগারের সদস্য হিসেবে বই পড়ার সুযোগ পাওয়া যাবে।
তবে শুধু জাদুঘর দেখতে গেলে গ্রন্থাগারের সদস্য হওয়ার প্রয়োজন নেই। নির্ধারিত প্রবেশমূল্য দিয়েই জাদুঘর ঘুরে দেখা যায়। জাদুঘর পরিদর্শনের সময় গ্রন্থাগারে প্রবেশের জন্য আলাদা কোনো ফি দিতে হয় না।
এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর সপ্তাহে দুই দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
বৃহস্পতিবার: সকাল ১০টা থেকে বিকেল ৪টা।
শুক্রবার: সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বেলা ২টা থেকে বিকেল ৪টা।
জাদুঘরের প্রবেশমূল্য সাধারণ দর্শনার্থীদের জন্য ২০ টাকা, শিক্ষার্থীদের জন্য ১০ টাকা এবং বিদেশি দর্শনার্থীদের জন্য ২০০ টাকা। শিক্ষার্থীদের প্রবেশের সময় পরিচয়পত্র দেখাতে হবে।
অন্যদিকে এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগার রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।
পুরান ঢাকার নিমতলীতে, ৫ নম্বর ওল্ড সেক্রেটারিয়েট রোডে এশিয়াটিক সোসাইটির প্রাঙ্গণে জাদুঘরটির অবস্থান।
জাদুঘর ও গ্রন্থাগারের সময়সূচি আলাদা। তাই দুটিই ঘুরে দেখতে চাইলে বৃহস্পতিবারে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। তবে সরকারি ছুটি বা বিশেষ কারণে সময়সূচি বদলাতে পারে। যাওয়ার আগে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নেওয়াই ভালো।