ফেমিনিজম, জেন্ডার স্টাডিজ, ফেমিনিস্ট লিগ্যাল থিওরি—পাঠ্যবইয়ে এসবের বিশ্লেষণ বেশ খটমটে লাগে। কিন্তু ফিলিপাইনে এসব নিয়েই আয়োজিত এক প্রশিক্ষণে অংশ নিয়ে কী দারুণ সময়ই না কাটল! আয়োজনটির নাম ছিল ফেমিনিস্ট লিগ্যাল থিওরি প্রোগ্রাম (এফএলটিপি)। এই প্রশিক্ষণে অংশ নিয়ে গত ১৭ থেকে ২১ জুন আমি থেকেছি ফিলিপাইনের ম্যানিলা শহরে। এশিয়া–প্যাসিফিক ফোরাম অন ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজন করে এই কর্মসূচির। আমরা ১৭ দেশের ১৯ জন অংশগ্রহণকারী ছিলাম, যাঁরা প্রত্যেকেই নিজ নিজ দেশে নারী অধিকার বা নারীদের ক্ষমতায়ন ও উন্নয়ন নিয়ে কাজ করছি। ১২২ জন আবেদনকারীর মধ্য থেকে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, আমার জন্য এটা ছিল অন্য রকম এক গৌরবের অনুভূতি।
ম্যানিলা শহরটা বেশ সুন্দর। রৌদ্রোজ্জ্বল এক দিনে শুরু হয় আমাদের প্রশিক্ষণ। ১৯ জন অংশগ্রহণকারীকে ৪টি শূন্যস্থান পূরণ দেওয়া হয়। ‘আমি নারী। তাই আমার পরিবার, ধর্ম, গণমাধ্যম, সরকার, সবাই বলে আমার উচিত...।’ বলা হয়েছিল, সবাইকে যাঁর যাঁর নিজের জীবনের উদাহরণ থেকে উত্তর লিখতে হবে। পরে সবাই যখন নিজেদের লেখা উত্তর পড়তে শুরু করল, মনে হলো, ‘আরে! প্রত্যেকের সঙ্গেই তো আমার জীবনের গল্প মিলে যাচ্ছে!’ অনুষ্ঠানে আমরা নিজ নিজ দেশের নারীদের সংকট ও সংগ্রামের কথা তুলে ধরি। কিরগিজস্তানের আইজহান জাহানায়েভা বলছিল, ‘আমি ঘরের কাজ করতে পারি না বলে আমার পরিবার আমাকে “ওয়াইফ-ম্যাটেরিয়াল” মনে করে না।’ একটি নারী উন্নয়ন সংস্থায় কাজ করছে আইজহান। তার কথা শুনে মনে হলো, এটা তো আমার আশপাশের প্রায় সব নারীরই অভিজ্ঞতা। মালয়েশিয়ার জেসমিন উং, যুক্তরাজ্যের এবেরিসটুয়াথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন আইন পেশায় যুক্ত আছে। সে যখন বলল, ‘সংবিধানে আমার সমান অধিকারের কথা বলা আছে, কিন্তু বাস্তবে আইন ও তার প্রয়োগ ঠিক উল্টো।’ এশিয়ার প্রায় সব দেশের নারীরাই একই ধরনের সমস্যার কথা বলেছে। কথা হয় নেপালের উপাসনা, ভানুয়াতুর মার্গারেট, ইন্দোনেশিয়ার উইউইনের সঙ্গে। অনেকেই বাংলাদেশের কথা জানে। আমি আমাদের নারীদের দারিদ্র্য বিমোচনের গল্প, মাতৃমৃত্যুহার কমানোর মতো সামাজিক সাফল্যগুলো তাদের সামনে তুলে ধরি।
প্রতিদিনই বিভিন্ন বিষয়ে নেপাল, ভানুয়াতু, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার নারীদের সঙ্গে আমার কথা হয়। আলাপের পর মনে হয়, তারা তো সব আমারই প্রতিচ্ছবি। আমার সমাজ, আমার দেশের নারীদের প্রতিচ্ছবি। নানা দেশের বন্ধুদের এই যোগসূত্র আমার কাছে ছিল একদমই নতুন। এই প্রশিক্ষণের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল চতুর্থ দিনে। আমাদের সেদিন স্থানীয় জেলখানা দেখতে নিয়ে যাওয়া হয়। নারী রাজনৈতিক বন্দীদের সঙ্গে দেখা হয় ওই দিনে। তাঁদের অধিকার আদায়ের সংগ্রামের গল্প শুনে চোখ ভিজে ওঠে। কিন্তু এই কান্নার সঙ্গে আমি দেখতে পাই তাঁদের উদ্যম। এত লড়াইয়ের পরও তাঁদের ক্লান্তি নেই। ন্যায্য অধিকার আদায়ের এই সংগ্রামে তাঁরা অনড়। এ ছাড়া সলিডারিটি নাইট অনুষ্ঠানে আমাদের দেখা হয় ফিলিপাইনের সংগ্রামী নারী যোদ্ধাদের সঙ্গে, বছরের পর বছর অন্যায়ের বিরুদ্ধে যাঁরা লড়াই করে চলেছেন। সংগ্রামী ফিলিপিনো নারী এলিসা তিতা লুবির সঙ্গে দেখা করার সৌভাগ্যও আমার হয়েছে। তাঁকে বাংলাদেশের কথা জানিয়েছি। তিনি আমাকে একটা বই উপহার দিয়েছেন। বইটি ফিলিপাইন থেকে পাওয়া আমার সবচেয়ে মূল্যবান স্মৃতি।
আসলে পৃথিবীর সব প্রান্তে সমস্যাগুলো একই। শুধু প্রকাশ বা ধরন ভিন্ন। কোথাও কিছুটা কম, কোথাও বেশি। পুরুষশাসিত এই সমাজে নারী অধিকার আদায়ে অগ্রগতি হচ্ছে, কিন্তু বিশ্বব্যাপী আজও বৈষম্য আছে। শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়াতেই নয়, সারা বিশ্বের কোণে কোণে ছড়িয়ে আছে এই বৈষম্য। ভিনদেশি বন্ধুদের সংগ্রামের কথা শুনে, একবুক অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশে ফিরেছি।