
দেশে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ারকন্ডিশনারের (এসি) চাহিদা বাড়ছে। সঙ্গে বাড়ছে উৎপাদন। দাম মধ্যবিত্তের নাগালে আসায় এসির বাজার বড় হচ্ছে। রাজধানীর শেওড়াপাড়া নিবাসী ব্যবসায়ী সাইদুল ইসলাম গত মাসে মিরপুরের একটি বিক্রয়কেন্দ্র থেকে দেড় টন ক্ষমতার একটি এসি কিনেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘দিন দিন যে গরম পড়ছে, তাতে এসি না কিনে উপায় নেই। অনেক দিন ধরে চিন্তা করছিলাম, এসি লাগবে। কিস্তি সুবিধায় এবার কিনে ফেললাম। নয়তো এ বাজারে এসি কেনা সম্ভব হতো না।’
বছর দশেক আগেও দেশের এসির বাজার ছিল উচ্চবিত্তকেন্দ্রিক। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। চাহিদার প্রায় সবই দেশে উৎপাদিত হচ্ছে।
বিদেশি প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশে এসি উৎপাদনের জন্য কারখানা স্থাপন করেছে। দেশে এসি উৎপাদন ও বাজারজাতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো হলো ইলেকট্রোমার্ট, ওয়ালটন, ট্রান্সকম, এসকোয়্যার ইলেকট্রনিকস, সিঙ্গার বাংলাদেশ, বাটারফ্লাই, র্যাংগ্স ইলেকট্রনিকস, ইলেকট্রা ইন্টারন্যাশনাল, মিনিস্টার, ভিশন, এলজিসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
পরিসংখ্যান নিয়ে কাজ করা জার্মান ওয়েব পোর্টাল স্ট্যাটিস্টার হিসাব বলছে, বাংলাদেশে এসি বিক্রির পরিমাণ বছর বছর বাড়ছে। ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে বাড়ছে এসির বাজার। শুধু করোনা শুরুর বছর ২০২০ সালে বিক্রিতে কিছুটা ভাটা পড়েছিল। সে বছর লকডাউনের কারণে অফিস-আদালত বন্ধ ছিল, রেস্তোরাঁগুলো বন্ধ ছিল। ফলে এসির চাহিদাও কমে যায়। জীবনযাত্রা স্বাভাবিক হলে পরের বছরই তা আবার বেড়ে যায়। বিক্রিও ভালো হয়।
উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বছরে ৫ থেকে ৬ লাখ (ইউনিট) এসি বিক্রি হয়। বাসাবাড়িতে এক টন থেকে দুই টন ক্ষমতার এসির চাহিদা বেশি। এর মধ্যে সর্বোচ্চ চাহিদা দেড় টন ক্ষমতার এসির। অন্যদিকে অফিস বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে অনেক বেশি ক্ষমতার এসি ব্যবহৃত হয়।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসির বাজারের প্রবৃদ্ধি ১৫ থেকে ২০ শতাংশ, যা আরও বাড়তে পারে। এসির বার্ষিক বাজার ছয় হাজার কোটি টাকার মতো। আগামী দুই থেকে তিন বছরে তা ১০ হাজার কোটি টাকা ছাড়াবে বলে প্রত্যাশা।
দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের চিফ বিজনেস অফিসার তানভীর রহমান প্রথম আলোকে বলেন, উচ্চবিত্তরা তো এসি কিনছেনই। তবে চাকরিজীবীদের মধ্যে যাঁদের বেতন ৫০ হাজারের বেশি, তাঁরাও এখন এসি কিনছেন। কিস্তি সুবিধা থাকায় এসি কেনায় আগ্রহ বাড়ছে। এ ছাড়া দেশের সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে, বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তির ইনভার্টার এসি বাজাের এসেছে। ফলে এসি ব্যবহার করা এখন সাধ্যের মধ্যে।
মূলত মার্চ থেকেই গরম শুরু হয় এবং বেশিসংখ্যক এসি বিক্রি শুরু হয়। তবে চলতি বছরের মার্চ মাসে গরম বেশি পড়েনি। ফলে ক্রেতারা এসির বাজারে ঢুকতে শুরু করেননি। তবে গত কয়েক দিনের দাবদাহের ফলে বিক্রেতারা আশা করছেন, বাজারে ক্রেতা আসতে শুরু করবেন।
রাজধানীর জিগাতলায় বাটারফ্লাই গ্রুপের শাখা ব্যবস্থাপক সানজিদা আক্তার প্রথম আলোকে বলেন, গরম পড়তে শুরু করেছে, গ্রাহকও আসবেন। গত বছর মার্চ থেকেই বিক্রি বেশ ভালো ছিল। এবার ঈদের পরে সে পরিস্থিতি হবে বলে তিনি আশা করছেন।
বাজার ঘুরে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, ৬০ থেকে ৮০ হাজার টাকা দামের এসির চাহিদা বেশি। এ ছাড়া গ্রাহকেরা সহজ মাসিক কিস্তিতে এসি কিনছেন।
চীনের তৈরি গ্রী ব্র্যান্ডের এসির বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার প্রথম আলোকে বলেন, দেশে অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। হাতের নাগালেই পাওয়া যাচ্ছে এসি। তাই এটি এখন আর বিলাসী পণ্যের জায়গায় নেই। এসি প্রয়োজনীয় পণ্য হয়ে উঠেছে।