অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে অনলাইন নিউজপোর্টালের নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে খসড়া নীতিমালা সংসদীয় কমিটিতে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে অভিযোগ উঠেছে, কমিউনিটি রেডিও তৃণমূলের মানুষের কাছে তথ্য সরবরাহের জন্য প্রতিষ্ঠা করা হলেও বর্তমানে এগুলো বাণিজ্যিক ভিত্তিতে কাজ করছে। কমিটি কমিউনিটি রেডিওর কার্যক্রম পর্যবেক্ষণ করে পরবর্তী বৈঠকে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়কে বলেছে। এ বিষয়ে কমিটির সদস্য শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘কমিউনিটি রেডিওর লাইসেন্স দেওয়া হয়েছে তৃণমূলের মানুষের সমস্যা-সংকট তুলে ধরার জন্য। কিন্তু বর্তমানে এগুলো এফএম রেডিওর মতো বাণিজ্যিক ভিত্তিতে চলছে। এভাবে চলতে দেওয়া যায় না।’এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শাহিন মনোয়ারা হক, রেজা আলী, সারাহ বেগম কবরী, সুকুমার রঞ্জন ঘোষ, আনিসুল ইসলাম মণ্ডল ও শাহরিয়ার আলম অংশ নেন।