গোপালগঞ্জে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আজ মঙ্গলবার মানহানির দুটি মামলায় জামিন পেয়েছেন। তাঁকে আজ গোপালগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক গোলাম মোস্তফা জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত মামলা দুটির পরবর্তী শুনানির দিন আগামী ৮ আগস্ট ধার্য করেন। আজ বেলা সোয়া ১১টার দিকে কড়া পুলিশ প্রহরায় মাহমুদুর রহমানকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁকে দেখতে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী আদালত প্রাঙ্গণে জড়ো হন।আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশ নিয়ে কোটালীপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া বাদী হয়ে গত ২ জুন মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুটি মানহানির মামলা করেন।