কর্নাটক রাজ্যে দলীয় কর্মীর হাতে জুতাপেটার শিকার হয়েছেন ক্ষমতাসীন দল বিজেপির এক মন্ত্রী। গতকাল শনিবার রাজ্যের বিধানসভার সুরক্ষিত সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তা কর্মীরা পাশেই ছিলেন।পুলিশ জানায়, রাজ্যর গৃহায়ণমন্ত্রী ভি সোমান্না রাজ্য সচিবালয়ের নিজ কক্ষ থেকে বের হওয়া মাত্রই জুতা নিয়ে মন্ত্রীর ওপর চড়াও হন বি এস প্রসাদ নামে একজন ঠিকাদার। অবশ্য এ ঘটনায় মন্ত্রীর সমর্থকদের হাত থেকে রেহাই পাননি প্রসাদ। তাঁরা কিল ঘুষি দিয়ে প্রসাদকে পুলিশের হাতে সোপর্দ করেন। পরে তাঁকে হাজতে নেওয়া হয়।পুলিশ জানায়, ‘তোমাকে আমি কি এমন করেছি? তুমি আমাকে পেটাচ্ছ কেন— হতভম্ব হয়ে হামলাকারীর উদ্দেশ্য এসব কথা বলছিলেন মন্ত্রী ভি সোমান্না।’ বেঙ্গালুরুর সিটি পুলিশ কমিশনার জ্যোতি প্রকাশ মীরজি বলেন, ‘এ সময় নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না। পুলিশ এ ব্যাপারে তদন্ত করে দেখবে।’এ ঘটনার পর মন্ত্রী ভি সোমান্না সাংবাদিকদের বলেন, ‘যতদূর মনে পড়ে তাঁর সঙ্গে আমার দুবার দেখা হয়েছে। আমার অফিসে তিনি দ্বিতীয়বারের মতো এলেন। এর আগে প্রসাদ আমার অফিসে একটি সুপারিশ নিয়ে এসেছিলেন। আমি সেই কাজ করে দিয়েছি। কিন্তু তাঁর আক্রমণের কারণ কি, আমি তা জানি না।’আক্রমণের কারণ মন্ত্রী না বললেও আক্রমণকারী প্রসাদকে যখন মন্ত্রীর লোকেরা কিল-ঘুষি দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছিল, তখন তাঁকে বলতে শোনা যায়-‘আক্রমণের কারণ আমি বলব না !’প্রসাদ রাজ্য বিজেপির কাছ থেকে সচিবালয়ে ঢোকার পাস সংগ্রহ করেন। পিটিআই।