টেকনাফে ১৪৪ ধারা জারি

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় আজ শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিবহন মালিক সমিতির দুই পক্ষ একই স্থানে একই সময়ে সভা ডাকায় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা থেকে টেকনাফ পরিবহন মালিক সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন স্থগিত করা হয়। এ নিয়ে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক দুই পক্ষ হাসান আহমদ-ইবনে আমিন ও খলিলুর রহমান-দিদার হোসেন একই স্থানে সভা ডাকে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত টেকনাফ উপজেলা পরিবহন মালিক সমিতির কার্যালয়সহ আশপাশের এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল থেকেই ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।