গ্রামীণফোনের একজন উপসহকারী প্রকৌশলী ঢাকার নবাবগঞ্জে গতকাল শনিবার রাতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহত প্রকৌশলী মোশারফ হোসেন (৩২) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নূরপুর গ্রামের মৃত এ কে এম কুরবান আলীর ছেলে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ মণ্ডল জানান, গতকাল রাতে নবাবগঞ্জে গ্রামীণফোনের টাওয়ারের সুইচরুমে কাজ করার সময় মোশারফ বিদ্যুত্স্পৃষ্ট হন। সহকর্মী ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাত ১১টার দিকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে। তাঁর লাশ এখন ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে আছে।