পাকিস্তানের উপজাতি অধ্যুষিত খাইবার অঞ্চলে ন্যাটোর একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণে কমপক্ষে ১৬ ব্যক্তি নিহত হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার অঞ্চলে ন্যাটো বাহিনীর জ্বালানি বহনকারী একটি ট্রাকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ সকালে ওই এলাকার লোকজন ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে ট্যাংকারটির পাশে জড়ো হয়। এ সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এতে ১৬ ব্যক্তি নিহত হয়।বিস্ফোরিত ট্যাংকারটিতে আফগানিস্তানে দায়িত্ব পালনরত ন্যাটো বাহিনীর জ্বালানি বহন করা হচ্ছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তারা এ বিস্ফোরণের জন্য তালেবান জঙ্গিদের দায়ী করেছেন। তবে কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি।