সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে রংপুরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে গত দুই দিনে আরও ২২ জন জামিনে মুক্তি পেয়েছেন। এ নিয়ে ২৫ নারীসহ জামিনে মুক্তি পাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬৯ জনে। রংপুর কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রংপুরে প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ‘প্রথম আলো’কে বলেন, হাইকোর্টে জামিনের আবেদন করে তাঁরা জামিন পেয়েছেন। প্রসঙ্গত, গত ৮ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিনোদন কেন্দ্র ভিন্নজগতে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঘটনাস্থল থেকে ১৬৭ এবং পরবর্তী সময়ে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।