বগুড়ার গাবতলী পৌর যুবলীগের সভাপতি তারিকুল ইসলামকে (৩২) আজ বৃহস্পতিবার দুপুরে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ কথা জানান।এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে যুবলীগ কর্মীরা। তারা গাবতলী উপজেলা সদরের গ্রামীণ ব্যাংক শাখা এবং একটি পাটের গুদামে অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের সঙ্গে যুবলীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বগুড়া শহর থেকে দাঙ্গা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।