ভেজাল ও নিম্নমানের ওষুধ উত্পাদন এবং তা বাজারজাত করার অভিযোগে করা মামলায় রিড ফার্মার মালিক মিজানুর রহমানের স্ত্রী শিউলী রহমান জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার ড্রাগ কোর্টের বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। আজ মিজানুর রহমানও জামিনের আবেদন করেন। আদালত আগামী সোমবার তা শুনানির জন্য দিন ধার্য করেছেন।আজ শিউলী রহমান তাঁর আইনজীবীকে নিয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আইনজীবীরা আদালতকে বলেন, শিউলী রহমান রিড ফার্মার পরিচালক। তিনি হাইকোর্ট থেকে জামিনে আছেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।ওষুধ প্রশাসন পরিদপ্তরের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম গত বছরের ১০ আগস্ট রিড ফার্মার মালিকসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্য কর্মকর্তারা হলেন রিড ফার্মার পরিচালক শিউলী রহমান ও আবদুল গনি এবং ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক। শিউলী রহমান ছাড়া অন্য ব্যক্তিরা পলাতক।