রাজধানীর জিপিও কার্যালয়ের সামনে থেকে গতকাল মঙ্গলবার রাতে ১৫ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ওই তিন ব্যক্তি হলেন: আনসারুল করিম (২৪), শাহরুখ হোসেন (২৭) ও সাইফুল ইসলাম (৫০)। জাল নোটগুলোর সবই এক হাজার টাকার। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) রবিউল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, রাত সাড়ে আটটার দিকে জিপিওর ২ নম্বর গেটের সামনে ওই তিন ব্যক্তি জাল টাকা লেনদেন করছিলেন। এ সময় সহকারী কমিশনার মাহবুবুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল তাঁদের আটক করে। তিনি আরও জানান, ওই ব্যক্তিরা জাল টাকা তৈরির সঙ্গে জড়িত নন; তাঁদের কাজ মূলত জাল টাকা ছড়িয়ে দেওয়া। ঈদের সময় এই চক্রের তৎপরতা বেড়ে যায়।