আইডিয়া কাপ

জয়ের পথে শ্রীলঙ্কা, সংগ্রহ ১৯৬/২

সাঙ্গাকারার ৭৩ বলে ৭৪ রানের দুরন্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৬১ রানের টার্গেটকে দলের জন্য সহজ করে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শ্রীলঙ্কান অধিনায়ক। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৩৩ ওভারে ২ উইকেটে ১৯৬ রান। ওপেনার দিলশান ৮৯ বলে ৭৪ ও থিলান সামারাবীরা ৮ বলে ৭ রান নিয়ে ব্যাট করছেন। সাঙ্গাকারা অভিষিক্ত পেসার সাইফুল ইসলামের শিকার হয়েছেন। ১৫ বলে ১৪ রান করে রুবেল হোসেনের বলে আউট হয়েছেন উপল থারাঙ্গা। এর আগে আইডিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সামনে ২৬১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুল (৭৫), তামিম ইকবাল (৪০), মাহমুদউল্লাহ (৪৫) ও শেষে নাঈম ইসলামের (৯ বলে ২২) রানের ছোট অথচ কার্যকরী ইনিংসে ২৬০ রান তোলে বাংলাদেশ। এ রান করতে সাকিবরা হারান ৭ উইকেট।আজ সোমবার সকালে টসে হেরে ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারার কপালে ভাঁজ ফেলে দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। শ্রীলঙ্কার বোলারদের ভালোই সামাল দিচ্ছিলেন তাঁরা। একপর্যায়ে ১২ ওভার ৪ বলে কোনো উইকেট না হারিয়ে ৬৫ রান তুলে বাংলাদেশকে একটা বড় সংগ্রহেরই স্বপ্ন দেখাচ্ছিলেন তাঁরা। কিন্তু ব্যাটিংয়ের চিরাচরিত সমস্যা যেন আবার ফিরে এল একটি সুন্দর সূচনার পরও। ৬৫ রানে প্রথম উইকেট হারানোর পর ৭৪ রান করতেই নেই টপ অর্ডারের চার ব্যাটসম্যান। তামিম ইকবাল ৪৬ বলে ৪০ রানের পর নিজের সংগ্রহ আর এগিয়ে নিয়ে যেতে পারেননি। ইমরুল কায়েস ৩৭ বলে ২৩ রান করে আউট হন। এরপর অধিনায়ক সাকিব ও রকিবুল হাসান যথাক্রমে ১ ও শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে এরপর মুশফিক ও আশরাফুল দলের হাল ধরে বাংলাদেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যান। পঞ্চম উইকেটে তাঁরা যোগ করেন ৫৮ রান। মুশফিকের অবদান ৫২ বলে ৩৫। দলীয় ১৩২ রানে মুশফিক ফিরে যাওয়ার পর হাল ধরেন মাহমুদউল্লাহ ও আশরাফুল। ষষ্ঠ উইকেটে তাঁরা ৯৫ রান তোলেন। ৪৭ বলে ৪৫ রান করে ৪৭ ওভার তিন বলে দলীয় ২২৭ রানে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদউল্লাহ। কিন্তু এর আগে তিনি স্টেডিয়াম মাতিয়ে তোলেন ইনিংসের প্রথম ছক্কা হাঁকিয়ে। এরই ধারাবাহিকতা বজায় রাখেন নাঈম ইসলাম। ৪৮ ওভার তিন বলে দলীয় ২৩৮ রানে আউট হওয়ার আগে আশরাফুল করেন ৯৪ বলে ৭৫ রান। ২৫০ হবে কি না—এমন আশঙ্কা থাকলেও শেষে নাঈম ইসলাম সেটি করে দেখান। নাঈম ৯ বলে দুই ছক্কা ও একটি চারের মার মেরে করেন ২২ রান। এতে সংগ্রহ দাঁড়ায় ২৬০।শ্রীলঙ্কার পক্ষে লাকমান ও রণদিব দুটি করে উইকেট নেন। দিলশান ও কুলারাসেকারা নেন একটি করে উইকেট। ওয়েবসাইট।