বাঁ হাতি স্পিন জুজুটা কাটিয়ে উঠেছেন বলেই মনে হয়েছিল, আজ শুরু থেকেই দারুণ ইতিবাচক ছিলেন কেভিন পিটারসেন। কিন্তু ৯৯ রানে বোল্ড হলেন সেই বাঁ হাতি স্পিনেই! এবারও ঘাতক ওয়ানডে সিরিজে তাঁকে দুবার আউট করা আবদুর রাজ্জাক। পিটারসেন এক রানের জন্য না পারলেও অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরিটা ঠিকই পেয়ে গেছেন অ্যালিস্টার কুক। সাকিব আল হাসানের ‘উপহার’ কাজে লাগিয়ে বড় স্কোরের পথে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ডও। প্রথম দিন শেষেই ৩৭৪ রান তুলে ফেলেছে ইংল্যান্ড মাত্র তিন উইকেট হারিয়ে। কুক ব্যাটিং করছেন ১৫৮ রানে, ১৬ রান নিয়ে আজ দিন শুরু করবেন পল কলিংউড। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করতে কুকের প্রয়োজন আর মাত্র তিনটি রান।২০০৩ সালে ইংল্যান্ডের সর্বশেষ সফরেও এই চট্টগ্রামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ, ইংল্যান্ড ম্যাচ জিতেছিল ৩২৯ রানে। আজ শুক্রবার সকালে টস জিতে সাকিব আল হাসানও ব্যাটিংয়ে পাঠালেন ইংল্যান্ডকে। উপহারটা হাসিমুখে গ্রহণ করলেন কুক। কারণ, তিনিও যে ব্যাটিংটাই করতে চেয়েছিলেন! একাদশে চারজন স্পিনার নিয়েও টস জিতে কেন ফিল্ডিং নিলেন—এ প্রশ্ন সারা দিনই ঘুরে ফিরছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। অধিনায়কত্বের অভিষেকে কুকের সেঞ্চুরিটা এসেছে মাহমুদউল্লাহকে ছয় মেরে, ১৪৮ বলে, নয় চার ও দুই ছয়ে। ইংল্যান্ডের পঞ্চম সর্বকনিষ্ঠ অধিনায়ক কুক টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি করা পঞ্চম ইংলিশও। ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরিটি টেস্টে তাঁর দ্রুততম সেঞ্চুরিও।আজ সকালে প্রথম তিন ওভারে চার রান তোলা ইংল্যান্ডের রানের চাকা সচল করেন মাইকেল কারবেরি, রুবেল হোসেনের করা ইনিংসের চতুর্থ ওভারে মারেন তিনটি বাউন্ডারি। পেসারদের ব্যর্থতায় দিনের অষ্টম ওভারেই আক্রমণে আসে স্পিন, প্রথম ঘণ্টাতেই ব্যবহূত হয়েছে পাঁচজন বোলার। উদ্বোধনী জুটিতে ৭২ রান তোলার পর ব্যক্তিগত ৩০ রানে মাহমুদউল্লাহর বলে এলবিডব্লিউ হন কারবেরি। মাহমুদউল্লাহর আগের ওভারেই কারবেরি একটি সহজ ক্যাচ ছেড়েছিলেন উইকেটকিপার মুশফিকুর রহিম। এরপর জোনাথস ট্রটকে নিয়ে ৭৭ রানে জুটি গড়েন কুক। রুবেল হোসেনের বাউন্সারে ৩৯ রান করে কট বিহাইন্ড হন ট্রট; তবে টিভি রিপ্লেতে দেখা গেছে, বল লেগেছিল ট্রটের হেলমেটে। তৃতীয় উইকেটে কুক-পিটারসেন গড়েন ১৭০ রানে জুটি। ১৩৫ বলে ৯৯ রানের ইনিংসে পিটারসেন ১৫টি চারের সঙ্গে মেরেছেন একটি ছয়। ২৪৪ বলে ১৫৮ রানের ইনিংসে কুক মেরেছেন ১৪টি চার ও দুটি ছয়।