তিনদিনের ম্যাচ: ৩০ বলে ৯১ করলেন শুভাগত চৌধুরী, বাংলাদেশ ‘এ’ ৩৬২/৫

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে কৌতুক নকশার মঞ্চায়ন। ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ড। বাংলাদেশ ‘এ’ দলের অপেক্ষাকৃত তরুণ খেলোয়াড়দের জন্যও এই ম্যাচটি ছিল নিজেদের চেনার, জানার এক লড়াই। তৃতীয় দিনে এসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ একেবারেই চমকে দেওয়ার মতো। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৩৬২ রান করে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ ‘এ’। ইনিংস ঘোষণা না করে অবশ্য কোনো উপায়ই ছিল না। ইংল্যান্ডের বোলার, ফিল্ডাররাই এই ইনিংস ঘোষণার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন। যখন অ্যালিস্টার কুক বল করতে থাকেন, বাংলাদেশের শুভাগত ৩০ বলে ৯১, ডলার ১৭ বলে ৬৯ রান করেন, তখন আসলেই খেলার আর কিছু বাকি থাকে না। অ্যালিস্টার কুক, কারভেরিরা বল হাতে একের পর এক ‘লোপ্পা’ বল করে বাংলাদেশ দলকে এই রান তুলতে এক প্রকার সাহায্যই করেছেন। অনেক ফিল্ডার ইচ্ছে করে বল ছেড়ে দিয়ে চার বানিয়েছেন। এভাবেই চলেছে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসের শেষ অংশটি। এদিকে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮৭ রান করতেই ২টি উইকেট হারিয়েছে। অব্যাহত রয়েছে কৌতুকও। বাংলাদেশের পক্ষে ২টি উইকেটই নিয়েছেন মোহাম্মদ আশরাফুল।