শেষ পর্যন্ত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেছে। ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের অনবদ্য দুটি অর্ধ শতক বাংলাদেশকে একটি লড়াকু সংগ্রহের দিকে নিয়ে গেছে। যদিও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সর্বশেষ অনুষ্ঠিত ১২টি ওয়ানডে ম্যাচে যে দল পরে ব্যাট করেছে, তারাই জয়ের মালা গলায় পরেছে। সে হিসেবে আজও ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান। গত রোববার প্রথম ওয়ানডেতে ২২৮ রান তাড়া করতে নেমে সহজ জয়ই তুলে নিয়েছিল ইংল্যান্ড। আজ ২৬১ রানের মোটামুটি লড়িয়ে লক্ষ্য তাড়া করতে নেমে এতটুকু বলা যায়, ইংলিশ ব্যাটসম্যানদের বাংলাদেশের স্পিনাররা ভালোই চ্যালেঞ্জ জানাবে।গত ম্যাচের মতো আজও তামিম ও ইমরুল বাংলাদেশকে এনে দেন ভালো সূচনা। প্রথম থেকেই তামিম ইকবাল তাঁর স্বভাবসুলভ মারকুটে ব্যাটিং শুরু করেন। দলীয় ৪৬ রানে তামিম ক্রিস ব্রডের বলে অ্যালিস্টার কুকের হাতে ধরা পড়েন মিড উইকেটে। এরপর ওয়ানডাউনে খেলতে নেমে আফতাব আহমেদ তাঁর ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখেন। ৪ রান করে তিনি ব্রেসনানের বলকে মিড উইকেটের দিকে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন। আফতাব ঠিক সেই সময় ওই শটটি না খেললেও পারতেন।জুনায়েদ সিদ্দিকীর অফ ফর্ম ও মো. আশরাফুলের অনুপস্থিতিতে ৪ নম্বরে ব্যাট করতে নামা মুশফিক আজ নিজেকে ভালোই প্রমাণ করেছেন। ইমরুল কায়েসের সঙ্গে একটি চমত্কার স্থিতধী জুটি গড়ে তুলে বাংলাদেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। মুশফিক ৭৬ ও ইমরুল কায়েস ৬৩ রান করেন। তবে দুর্ভাগ্যবশত, আজকের দিনে বাংলাদেশের দুই সফল ব্যাটসম্যান নিজেদের তাঁরা ইনিংসকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেননি। সেটা করতে পারলে বাংলাদেশের সংগ্রহ ২৬০-এর চেয়ে অনেক বেশিই হতো। মুশফিকুর রহিম ব্যক্তিগত ৭৬ রানে যখন আউট হন, তখন পাওয়ার প্লে না নেওয়াটা ছিল একটি বড় ভুল। ওই সময় ক্রিজে সেট হওয়া ব্যাটসম্যান হিসেবে মুশফিক পাওয়ার প্লেটা নিয়ে নিলে নিজের উইকেটটিও হয়তো আরও কিছুক্ষণ বাঁচাতে পারতেন মুশফিক। আগের দিনও পাওয়ার প্লে নিতে দেরি করার খেসারত বাংলাদেশ ভালোভাবেই দিয়েছে।শেষের দিকে মাহমুদউল্লাহর ২৭, নাঈম ইসলামের অপরাজিত ১৮ ও অভিষিক্ত সোহরাওয়ার্দীর মারকুটে ১৪ বাংলাদেশের স্কোরকে নিয়ে যায় ২৬০ রানে। ইংল্যান্ডের পক্ষে ব্রেসনান ৫১ রানে ৩ উইকেট ও সওয়ান ৫২ রানে ২ উইকেট নেন। পাশাপাশি ক্রিস ব্রেড ৩৪ রানে ১ উইকেট সংগ্রহ নেন।