ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের লেখালেখিতে বিভিন্ন সময়ে উঠে এসেছে লন্ডনের কুয়াশাচ্ছন্ন আকাশের কথা। উনিশ শতকে বাণিজ্যিক ও গৃহস্থালি—দুই ক্ষেত্রেই কয়লা তখন ব্যাপকভাবে ব্যবহৃত হতো। কয়লার ধোঁয়া থেকে সৃষ্ট মেঘাচ্ছন্নতা অবধারিতভাবে প্রভাবিত করেছিল লেখকের জীবন ও ভাবনার জগৎকে। কাজেই সেই সময়ের লন্ডনের কথা ডিকেন্স যখনই তাঁর উপন্যাসে লিখতে চেয়েছেন, এই কুয়াশাচ্ছন্ন আকাশ সেখানে ঘুরেফিরে এসেছে। তবে তিনি তাঁর লেখায় কুয়াশাকে সব সময় যে নেতিবাচকভাবে ফুটিয়ে তুলেছেন, তা নয়; বরং একধরনের উষ্ণতা ও স্মৃতির প্রলেপ রয়েছে অনেক ক্ষেত্রে।
এ মাসের শেষে চার্লস ডিকেন্সের সমগ্র রচনায়, যেমন চিঠিপত্র, পাণ্ডুলিপির বিভিন্ন অংশ, বইয়ের অলংকরণ কিংবা ব্যবহার্য সামগ্রীতে লন্ডনের ধোঁয়াচ্ছন্ন আকাশ কীভাবে এসেছে, তা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে তাঁরই নামে প্রতিষ্ঠিত একটি জাদুঘর। সমসাময়িক বায়ুদূষণের প্রসঙ্গও সমান্তরালে তুলে ধরা হবে এ প্রদর্শনীতে।
সূত্র: দ্য গার্ডিয়ান
●গ্রন্থনা: নাফিস সাদিক