গ্রাফিকস: প্রথম আলো
গ্রাফিকস: প্রথম আলো

দৃশ্যকলা

কাব্য–রঙের ছন্দযাত্রা

‘কোনো একদিন কালি হয়ে লিখব কত কী যে! হারিয়ে যাব রেখার টানে ছবি হয়েই নিজে।’

সুপর্ণা এলিস গমেজ তাঁর কবিতার খাতায় ইচ্ছেগুলো প্রকাশ করেছিলেন অনেক আগেই। তাঁর কয়েকটি কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে। শিশুদের নিয়ে চারুকলাচর্চায় নিয়োজিত আছেন বহুদিন ধরে। বাক্য, রং–রেখা, মানুষ, প্রকৃতি, মাঠঘাট তাঁর সৃষ্টিশীল কাজের বিষয়বস্তু। তিনি চেনা জগৎকে নিজের মতো করে উপস্থাপন করতে ভালোবাসেন। একদিকে সরল কাব্যভাষা, অন্যদিকে প্রাণপ্রকৃতিকে পটে নিজের মতো করে উপস্থাপনের মধ্য দিয়ে অতি চেনা অবয়ব তাঁর রঙের ভাষায় নতুন দ্যোতনা তৈরি করে।

‘কল্পনারাজ্যে পোড়া অভিব্যক্তি’ শিরোনামের এই প্রদর্শনীতে শিল্পী তিনটি মাধ্যমের কাজ উপস্থাপন করেছেন। শিল্পকর্মগুলো অবয়বধর্মী হলেও মনোক্রোমিক রং ব্যবহারের কারণে বিষয়বস্তুর গভীরে এর ভাষা অন্তর্নিহিত আছে। ফুল, নিসর্গ, মানুষ, পাখি প্রভৃতি তাঁর চিত্রপটে রূপকার্থে ধরা দিয়েছে। শিল্পীর কাজগুলোয় কিছুটা ইম্প্রেশনিস্ট ধারার ছায়া থাকায় বস্তুর অবয়বের বাইরে গিয়ে দর্শকের ভাবনায় প্রভাব ফেলে বলে মনে হয়।

সুপর্ণার শিল্পযাত্রা অব্যাহত থাকুক। কাব্যে, রঙে, ছন্দে আরও সমৃদ্ধ হোক তাঁর পথচলা। ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে আয়োজিত এ প্রদর্শনীটির সমাপনী দিন ছিল ১৪ এপ্রিল।