
আট বছর আগে নিজেকে লেখক হিসেবে ‘মৃত’ ঘোষণা করেছিলেন তামিল ভাষার লেখক পেরুমল মুরুগান। দারিদ্র্য, বর্ণপ্রথা এবং সমাজে নারীদের অসহায়ত্ব বিষয় হয়ে উঠত তাঁর গল্প-উপন্যাসে। ওয়ান পার্টওম্যান নামের একটি উপন্যাস লেখার দায়ে ২০১৪ সালে উগ্রবাদী হিন্দুদের আক্রমণের শিকার হন তিনি। তাঁর বাড়ির সামনে বিক্ষোভ থেকে শুরু করে একপর্যায়ে আদালতে তাঁর নামে মামলাও করা হয়। পরে হতাশা ও ক্ষোভ থেকে ২০১৫ সালের জানুয়ারি মাসে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছিলেন লেখালেখি বন্ধ করে দেওয়ার কথা।
সম্প্রতি ঘোষিত ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছে পেরুমল মুরুগানের উপন্যাস পায়ার। তামিল ভাষায় লেখা কোনো বই এ পুরস্কারের জন্য এবার প্রথমবারের মতো নির্বাচিত হলো। ২০১৩ সালে প্রকাশিত তাঁর এ উপন্যাসের ইংরেজিতে অনুবাদ করেছেন অনিরুদ্ধান বাসুদেবান। ১৯৮০-এর দশকে তামিলনাড়ুর একটি গ্রামের প্রেক্ষাপটে লেখা উপন্যাসটিতে ভিন্ন বর্ণের দুই তরুণ-তরুণীর প্রেমে পড়া, পালিয়ে যাওয়া এবং তাঁদের প্রতি সমাজের নিষ্ঠুরতার গল্প বলা হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
●গ্রন্থনা: নাফিস সাদিক