
সরদার ফজলুল করিম (১৯২৫-২০১৪) বর্তমান বাংলাদেশ রাষ্ট্রে নানা অনুষঙ্গে অন্যতম পরিচিত মুখ। তিনি তাঁর ঘটনাবহুল সংগ্রামী জীবনে নিজের চারপাশের লোকজনকে নিজের সঙ্গে, নিজের কাজের সঙ্গে সম্পৃক্ত করেছেন। অথবা নিজের চিন্তা ও আদর্শের সঙ্গে মিলে যায়, এমন লোকজনকে সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন—মূর্ত বিমূর্ত, দুইভাবেই। তাঁদের সম্পর্কে লিখেছেন তাঁর ব্যক্তিগত দিনলিপিতে। আমার প্রিয় মুখ বইটি মূলত তাঁদের ঘিরেই। এসব লেখায় বাংলাদেশ রাষ্ট্র ও রাষ্ট্রের ইতিহাস নির্মাণের কুশীলবদের কর্মকাণ্ড ও কর্মকাণ্ডের ইতিহাস মূর্ত হয়ে উঠেছে।
ইতিহাসের মানদণ্ডে যে কাউকে ‘খেলো’ বিবেচনা করা যেতে পারে। নানাভাবে প্রভাবিত করা যেতে পারে বিবেচনার কৌশলকেও। যে কেউ যে কারও সম্পর্কে ‘অতিরঞ্জিত’ বলতে পারেন। কিন্তু দিনলিপিতে বা কাউকে নিয়ে তাৎক্ষণিক লেখায় এই বলার একটি সীমানা তৈরি হয়। আর সরদার ফজলুল করিম এ বিষয়ে সব সময়ই সতর্ক ছিলেন। সব সময় আবেগ, ভাবালুতা কিংবা কল্পনার বিপরীতে অবস্থান ছিল তাঁর। রাজনৈতিক বিচার-বুদ্ধি তাঁকে এই অবস্থানে দাঁড়াতে বড় ভূমিকা পালন করেছে। তিনি যে বস্তুবাদী রাজনৈতিক বাস্তবতা আর বুদ্ধিনির্ভর আদর্শ ও নৈতিকতায় বিশ্বাসী ছিলেন, স্মৃতিকথা নির্মাণ কিংবা কাউকে নিয়ে লেখার বেলায়ও তিনি সেই আদর্শ ও নৈতিকতা থেকে বিচ্যুত হননি। আমার প্রিয় মুখ বইয়ের লেখাগুলোয় এ বিষয় স্পষ্ট।
বইয়ের প্রথম লেখা রুশোকে নিয়ে। যদিও রুশোকে দেখেননি তিনি। সম্ভবও ছিল না। কিন্তু নৈতিক ও আদর্শিক সম্পর্ক ছিল তাঁর সঙ্গে। এরপরের লেখাটি সত্যেন্দ্রনাথ বসুকে নিয়ে, বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসে যে নাম জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। সত্যেন্দ্রনাথ বসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সময়কাল আর সরদার ফজলুল করিমের ঢাকায় পড়তে আসা এবং পড়া শেষ করার সময়কালের ভেতর একটি সম্পর্ক আছে। কিন্তু সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে তাঁর কোনো প্রত্যক্ষ সম্পর্ক এ সময় গড়ে ওঠেনি। বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসের খোঁজ করতে গিয়ে তিনি সত্যেন্দ্রনাথ বসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময়কে ইতিহাসের বাস্তবতায় মূর্ত করতে চেয়েছেন।
এই দুজন ছাড়া আরও যাঁদের নিয়ে ফজলুল করিম লিখেছেন, তাঁদের প্রায় প্রত্যেকের সঙ্গে বলা যায় তাঁর সম্পর্ক ছিল প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ। শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলন আর রাজনৈতিক আন্দোলনের সারথি হিসেবে তৈরি হয়ছিল এই সম্পর্কের বুনন। নির্দিষ্ট ভূখণ্ডের শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক বাস্তবতা আর রাজনৈতিক বাস্তবতার স্বরূপ নির্ধারণে তাঁদের নিয়ে এই বইয়ের স্মৃতিচারণা বা লেখাগুলো তাই বিশেষভাবে গুরুপূর্ণ। এ ক্ষেত্রে আরজ আলী মাতুব্বরের নাম বিবেচনায় আনা যাক। বাংলাদেশ রাষ্ট্রে যিনি লোকায়ত দর্শনের বড় ধারক ও বাহক ছিলেন। তাঁর যুক্তির ভিত্তি পাশ্চাত্যের দর্শনের ভেতর প্রোথিত ছিল না। বরং যুক্তির বিচারে তা দারুণভাবে সম্পৃক্ত ছিল আমাদের এই অঞ্চলের ভূমিবাস্তবতার সঙ্গে। তিনি শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক বিবেচনায় আরজ আলীকে স্মরণের ভেতর দিয়ে বিষয়টিকে মূর্ত করে তুলেছেন।
অপর দিকে রণেশ দাশগুপ্ত, আব্দুর রাজ্জাক, শেখ মুজিবুর রহমান, রতন সেন, সানাউল হক, তাজউদ্দীন আহমদ, মুনীর চৌধুরী, শামসুর রাহমান প্রমুখ ব্যক্তিকে নিয়ে লেখাগুলোয় তিনি নিজের অভিজ্ঞতা এবং তাঁদের বাস্তব জীবনের নানা ঘটনা আর সত্যকে এক করেছেন। বইটি বাংলাদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি আর আর্থ–সামাজিক-রাজনৈতিক ইতিহাসের আলেখ্য।
আমার প্রিয় মুখ
সরদার ফজলুল করিম
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা; প্রকাশকাল: ডিসেম্বর ২০২২; প্রচ্ছদ: মাসুক হেলাল; ১১২ পৃষ্ঠা; দাম: ২৯০ টাকা।
বইটি পাওয়া যাচ্ছে
prothoma.com এবং মানসম্মত বইয়ের দোকানে।