জীবন থেকে নেওয়া

কেন আব্দুর রাজ্জাককে তালা মেরে চলে গিয়েছিলেন বইয়ের দোকানি

আব্দুর রাজ্জাক
ছবি: নাসির আলী মামুন

জ্ঞনতাপস অধ্যাপক আব্দুর রাজ্জাককে বাংলাদেশের বিদ্ব্ৎসমাজ বিশেষ মান্য করতেন। ব্যক্তিগতভাবে সুরসিক এই মানুষটি বই ভালোবাসতেন। ফলে যে শহরেই যেতেন, সেখানেই তিনি ভালো বইয়ের দোকান খুঁজে বেড়াতেন। তিনি তাঁর অনুজ আর প্রিয় শিক্ষার্থীদের প্রায়ই বলতেন, ‘চলেন বই দেইখ্যা আসি।’ 

আব্দুর রাজ্জাক দুটো জিনিস খুব আনন্দ নিয়ে করতেন, একটা হলো নিজ হাতে বাজার করে রান্না করা আর দ্বিতীয়টি খুঁজে খুঁজে দুষ্প্রাপ্য বই বের করে অন্যকে সেসবের খোঁজ দেওয়া।

গবেষণার জন্য আব্দুর রাজ্জাক সাহেব তখন লন্ডনে। গবেষণার ফাঁকে ফাঁকে ঘুরে ঘুরে পুরোনো বইয়ের দোকানে ঢুঁ মারা তাঁর স্বভাব। এভাবে খুঁজতে খুঁজতে ব্রিটিশ জাদুঘরের পাশে পেলেন এক বইয়ের দোকান। তাঁর জন্য সেটা ছিল দারুণ এক আবিষ্কার। এক বৃদ্ধলোক দোকানটা চালান। দোকানভর্তি দুষ্প্রাপ্য আর পুরোনো বই। বিচিত্র সব বিষয়ের ওপরে বই। দোকানটা রাজ্জাক সাহেবের খুব পছন্দ হলো। দোকানের মালিকও তাঁকে খুব পছন্দ করতেন।

এক বিকেলে রাজ্জাক সাহেব গেলেন সেই বইয়ের দোকানে। তিনি নীরবে বই দেখছেন, পড়ছেন, আবার তাকে রেখে নতুন বই নিচ্ছেন। এককথায় আনন্দময় সময় পার করছেন। আদতে এ সময় বই দেখায় তিনি এতটাই নিমগ্ন ছিলেন যে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, বুঝতেই পারেননি। এদিকে দোকান বন্ধের সময় হয়ে গেছে। তাই দোকানমালিক বৃদ্ধও দোকান বন্ধ করতে উদ্যত হলেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে দোকানের ভেতর অন্য কেউ আছে। তাই অন্য দিনের মতোই দোকান বন্ধ করে চলে গেলেন তিনি।

অবশেষে বইয়ের মোহময় জগৎ থেকে রাজ্জাক সাহেব যখন মাথা তুললেন, তিনি দেখলেন, দোকান বন্ধ। বেশি রাত হয়ে যাওয়ায় তাঁকে রেখেই দোকান বন্ধ করে চলে গেছেন দোকানি। অগত্যা কী আর করা, সারা রাত লন্ডনের ওই পুরোনো বইয়ের দোকানেই রাত কাটাতে হয়েছিল জ্ঞানতাপস আব্দুর রাজ্জাককে। 

সূত্র: ‘আব্দুর রাজ্জাক’, মুনতাসীর মামুন, জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক স্মারকগ্রন্থ, পৃষ্ঠা: ১৮৮ 

●গ্রন্থনা: বাশিরুল আমিন