শহীদুল জহির যখন ঘুষের তদন্তকারী আমলা

কথাসাহিত্যিক শহীদুল জহিরের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। কালজয়ী এই লেখক ছিলেন সরকারি আমলাও। জানা যাক, তাঁর জীবনের চমকপ্রদ একটি ঘটনা।

শহীদুল জহির (১১ সেপ্টেম্বর ১৯৫৩-২৩ মার্চ ২০০৮)। ছবি: সংগৃহীত
 শহীদুল জহির (১১ সেপ্টেম্বর ১৯৫৩-২৩ মার্চ ২০০৮)। ছবি: সংগৃহীত

শহীদুল জহির কেমন লেখক ছিলেন, এ লেখা তা নিয়ে নয়। তাঁর গল্প ও উপন্যাস নিয়ে বেশ কিছু লেখা আছে। ধারণা করি, আগামী দিনগুলোকে শহীদুল জহির নিয়ে লেখালেখি আরও বাড়বে। কেননা, নবীন পাঠকেরা শহীদুল জহির পড়ে মুগ্ধ হতেই থাকবেন।

তবে শহীদুল জহিরের আরেকটি পরিচয় ছিল—সরকারি আমলা। ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৯৮১ ব্যাচের কর্মকর্তা। ২০০৮ সালের ২৩ মার্চ যখন মারা যান, তখনো পার্বত্য চট্টগ্রাম–বিষয়ক মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব পদে নিযুক্ত ছিলেন তিনি। আজ তাঁর ১৫তম মৃত্যুবার্ষিকী।

শহীদুল জহিরের আমলাজীবন নিয়ে কমই জানা যায়। তিনি সাহিত্য আড্ডায় যেতেন, তাঁর আড্ডার সঙ্গীরা সেই স্মৃতি নিয়েও লেখালেখি করেছেন। কিন্তু সরকারি আমলা হিসেবে তিনি কেমন ছিলেন, তা কেবল বলতে পারবেন তাঁর দীর্ঘ চাকরি জীবনের সহকর্মীরাই। তবে সে রকম একটা লেখাই এখন পর্যন্ত চোখে পড়েছে। সেটাই বরং এখন উল্লেখ করা যাক।

সিরাজ উদ্দিন সাথী ছিলেন বিসিএসের ৮২ ব্যাচের কর্মকর্তা। আমলাজীবন নিয়ে তিনি একটি বই লিখেছেন। ‘আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর’ নামের গ্রন্থটি ২০১৮ সালে প্রকাশিত হয়। সেখানে শহীদুল জহিরকে নিয়ে ১৯৮২ সালের একটি ঘটনার উল্লেখ আছে। সরকারি নথিতে অবশ্য শহীদুল জহিরের নাম শহিদুল হক। তিনি সে সময় যোগাযোগ মন্ত্রণালয়ের উন্নয়ন শাখার সহকারী সচিব। দেশে তখন এরশাদের সামরিক শাসন। আর যোগাযোগ মন্ত্রণালয়ে মাত্রই যোগ দিয়েছেন সিরাজ উদ্দিন সাথী।

বিষয়টি ছিল একটি ঘুষের ঘটনার বিভাগীয় তদন্ত। অভিযোগটা এসেছিল প্রধান সামরিক শাসকের কার্যালয় থেকে। পাবনায় কর্মরত আনোয়ারুজ্জামান নামের একজন মোটর ভ্যাহিকল ইন্সপেক্টর ফিটনেস ইস্যু করার কাজে গাড়ির মালিকের কাছ থেকে ঘুষ নিয়েছেন। ঘুষের সেই অর্থ উদ্ধার করা হয়েছে অফিসের দেয়ালে টাঙানো তার পাঞ্জাবির পকেট থেকে।

সিরাজ উদ্দিন সাথী লিখেছেন, ‘খবর পেয়েই ইন্সপেক্টর আনোয়ারুজ্জামান ছুটে এলেন পাবনা থেকে। দীর্ঘদেহী শ্মশ্রুমণ্ডিত পায়জামা-পাঞ্জাবি পরা ভদ্রলোক। চেহারা দেখে কেউ বলবেন না যে এই ভদ্রলোক ঘুষ খেতে পারেন। সহি চেহারার ধার্মিক মুসলমানের চেহারা ও বেশভূষা তাঁর। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। কপালের অগ্রভাগে এর দাগ স্পষ্ট। মন্ত্রণালয়ে এসে তিনি বিভিন্নজনের কক্ষে যাচ্ছেন। কান্নায় ভেঙে পড়ছেন। দুচোখ বেয়ে তাঁর অশ্রু ঝরছে। আর কেঁদে কেঁদে বলছেন, “আমি এই কর্ম করিনি। আমাকে তারা ফাঁসিয়েছে।” এরপর বিধি মোতাবেক তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো মন্ত্রণালয়ের আদেশে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হলো। আদেশের অনুলিপি দেওয়া হলো সিএমএলএ অফিসের অবগতির জন্য।’

আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে করা সেই বিভাগীয় মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল উন্নয়ন শাখার সহকারী সচিব শহীদুল হককে। এরপর সিরাজ উদ্দিন সাথী লিখেছেন, ‘আমাদের এক ব্যাচ সিনিয়র শহীদুল হক ভাই নীতিমান সৎ ও ভালো অফিসার হিসেবে পরিচিত। তবে তাঁরও চাকরি হয়নি বেশি দিন। তাই ছাত্রজীবনের টনটনে মেজাজ আর বিশ্বাস সদা জাগ্রত। আমি সময় পেলেই যাই তাঁর অফিসকক্ষে। আমার অফিসের ঠিক উল্টো দিকটায় তিনি বসেন। গেলেই চা আর বিস্কুটের জন্য পাঠান পিয়নকে। আর নানা কথার ঝুড়ি খুলে বসেন। অধিকাংশ সময়ই দেশ আর দেশের ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবনাগুলো বিক্ষিপ্তভাবে তুলে ধরেন। প্রচ্ছন্নভাবে সামরিক শাসনের বিপক্ষে বলেন। আমলাতন্ত্রের জনবিমুখ চরিত্রের সমালোচনা করেন। বলেন, “এখানে কেন যে আপনাদের মতো ব্রিলিয়ান্ট লোকেরা আসলেন!” নিজের বিষয়ে বলেন, ‘‘আমার ভুল হয়েছে এই সম্প্রদায়ে শরিক হওয়া। এখানে ওপরের আমলাদের আদেশ পালন ছাড়া নিজের বুদ্ধিতে কিছুই করার থাকে না জুনিয়রদের। এ যেন গোলামির ব্যবস্থা। চাকরের জীবন।” অনেকটা স্বাধীনচেতা শহীদ ভাই আবার সাহিত্য–সংস্কৃতির চর্চায়ও সময় কাটান। অফিস শেষে চলে যান ওই জগতের তাঁর বন্ধুদের কাছে, সাহিত্যের আড্ডায়। সেখানে তিনি পরিচিত শহীদুল জহির নামে। আর ওই নামের আড়ালে তিনি আমলার চাকরির বিড়ম্বিত পরিচয়টি খুলে ফেলে দেন নির্দ্বিধায়।’

শহীদুল জহির

যা হোক, যথাসময়ে সহকারী সচিব শহীদুল হক তদন্ত শেষ করে রিপোর্ট পেশ করলেন। সেই রিপোর্ট পড়ে মুগ্ধ হয়েছিলেন সিরাজ উদ্দিন সাথী। তিনি এ নিয়ে বইতে লিখেছেন, ‘খাম খুলে রিপোর্টটি পড়ে আমি রীতিমতো মুগ্ধ। এ তো গতানুগতিক তদন্ত রিপোর্ট নয়, বরং ঘুষ দুর্নীতি সম্পর্কে এক বস্তুনিষ্ঠ বিশ্লেষণ। তিনি এতে স্পষ্ট করে লিখেছেন, ‘‘ঘুষের লেনদেন হয় দুই পক্ষের মধ্যে। এক হাতে তালি নয়, দুই হাতের। সমাজের স্বার্থান্বেষী মানুষেরা অনেক ক্ষেত্রে অবৈধ সুবিধা নেওয়ার জন্য উদ্যোগী হয়ে ঘুষ প্রদান সংস্কৃতির বিকাশ ঘটায় ও তা লালন করে। তারা সীমিত আয়ের গরিব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রলুব্ধ করে অবৈধ বাড়তি আয়ের পথে পা বাড়াতে। অবশ্য দু–চারজন খারাপ কর্মকর্তাও অনেক সময় লোকজনকে ঘুষ প্রদানে বাধ্য করতে নানা কায়দা কৌশল গ্রহণ করে। আর এই দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে ঘুষ দুর্নীতির দুষ্ট র‍্যাকেট বা চক্র।’’ তদন্ত রিপোর্টে তিনি অভিযুক্ত আনোয়ারুজ্জামানকে এককভাবে দায়ী করলেন না। বরং উল্লেখ করলেন, যাঁরা পরিকল্পনা করে তাঁকে টাকা দিয়েছেন, সেই ব্যবসায়ীও সমভাবে দোষী। আনোয়ারুজ্জামানের শাস্তির বিধান করা যেতে পারে কর্তৃপক্ষীয় সিদ্ধান্তে, আর ঘুষদাতা ব্যবসায়ীর শাস্তি হতে পারে দেশে প্রচলিত ফৌজদারি আইনে।’

শহীদুল হক ভাই নীতিমান সৎ ও ভালো অফিসার হিসেবে পরিচিত। আমলাতন্ত্রের জনবিমুখ চরিত্রের সমালোচনা করতেন। তিনি বলেন, ‘এখানে কেন যে আপনাদের মতো ব্রিলিয়ান্ট লোকেরা আসলেন!’ নিজের বিষয়ে বলেন, ‘আমার ভুল হয়েছে এই সম্প্রদায়ে শরিক হওয়া। এখানে ওপরের আমলাদের আদেশ পালন ছাড়া নিজের বুদ্ধিতে কিছুই করার থাকে না জুনিয়রদের। এ যেন গোলামির ব্যবস্থা। চাকরের জীবন।’

তদন্ত রিপোর্টটি নিয়ে এরপর নিয়ম মেনে পাঠানো হয় সে সময়ের উপসচিব মোহাম্মদ সাদেকের কাছে। সেটি নিয়ে গিয়েছিলেন সিরাজ উদ্দিন সাথী। তিনি এ নিয়ে লিখেছেন, ‘অনেকটা উচ্ছ্বসিত হয়েই এটি তাঁকে দেখালাম। তিনি একনজরে দেখলেন, পড়লেন। তারপর অনেকটা খ্যাপা কণ্ঠে বললেন, ‘‘এসব কী লিখেছে শহীদ! তাকে তো ভালো অফিসার বলেই জানতাম আমি, কিন্তু সে তো একটা উজবুক! এটা কি কোনো তদন্ত রিপোর্ট হলো? তাকে তাত্ত্বিক আলোচনা করতে বলেছে কে? তাকে পণ্ডিতের মতো সমাজ বিশ্লেষণ করতে বলেছে কে? তার কাজ হলো বিধি অনুসরণ করে অভিযুক্ত ব্যক্তি দোষী কি নির্দোষ, তা নির্দিষ্ট করা। দেশ–জাতি নিয়ে বড় বড় কথা বলা নয়। আপনি তাকে আমার সঙ্গে কথা বলতে বলুন।’’ আমি অনেকটা মন খারাপ করেই তাঁর কক্ষ থেকে বের হয়ে শহীদ ভাইয়ের কাছে গেলাম। শহীদ ভাইকে সংক্ষেপে বিষয়টা বললাম এবং সাদেক সাহেবের সঙ্গে দেখা করতে বললাম। শহীদ ভাই দেখা করলে সাদেক সাহেব রিপোর্টটি পুনরায় লিখতে বললেন। বাড়তি কথা বাদ দিয়ে ছিমছাম একটা রিপোর্ট লিখতে বললেন। কিন্তু শহীদ ভাই তাতে রাজি হলেন না। বললেন, তিনি যা লিখেছেন, সঠিক লিখেছেন। যা সত্য, তা–ই লিখেছেন। যা সত্য বলে উপলব্ধি করেছেন, তা–ই লিখেছেন। তিনি এর এক লাইনও পাল্টাবেন না। শহীদ ভাই আমাকে বললেন, ‘‘এখানে ঘুষ দুর্নীতি নির্মূলে কেউ কাজ করতে চায় না। কেউ গোড়ায় যেতে চায় না। মূল কারণ খুঁজে বের করতে চায় না। কেবল লোকদেখানো আইওয়াশ করে দায়িত্ব শেষ করতে চায়। আর তা করতে গিয়ে দুর্বল ঘুষখোরকে শিকার বানায়, তাকে নিয়ে হম্বিতম্বি করে বোঝানো হয় যে দেশে দুর্নীতির বিরুদ্ধে কঠোর কর্মসূচি চলছে। আসলে সবাই মিলে দুর্নীতি লালন করছে পরস্পরের সুবিধার জন্য।” শহীদ ভাইয়ের এই কথাগুলো কোনো আমলার কথা বলে আমার কাছে মনে হলো না। বরং অনেকটা বিপ্লবী বলেই মনে হলো। আমলাতন্ত্র যে এমন কিছুর সহায়ক নয়, অবশ্য সে কথা বুঝতে আমার সময় লেগেছে আরও অনেক দিন।’

সব শেষে সিরাজ উদ্দিন লিখলেন, ‘সাদেক সাহেবের বিরূপ মন্তব্য সত্ত্বেও আমি রিপোর্টটি ভালোভাবে পরীক্ষা করে পেশ করলাম। রিপোর্ট থেকে কয়েকটি ইতিবাচক পয়েন্ট হুবহু তুলে ধরে লিখলাম, “তদন্ত কর্মকর্তার এসব পয়েন্ট বিবেচনা করা যেতে পারে। ঘুষদাতাকেও আইনি কার্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয় ভেবে দেখা যায়।” ঘুষের বিষয় যেহেতু গুরুদণ্ডের বিষয়, তাই আনোয়ারুজ্জামানকে চাকরি থেকে অপসারণের প্রস্তাবও দিলাম। সাদেক সাহেব আমার প্রস্তাব মানলেন না। লিখলেন, ‘‘তদন্ত রিপোর্ট কিছুই হয়নি। এ অবস্থায় নতুনভাবে কাউকে তদন্তের দায়িত্বভার দেওয়া যেতে পারে।”তাঁর এ প্রস্তাবসহ নথি গেল যুগ্ম সচিব নূর মোহাম্মদ আকন সাহেবের কাছে। এই বিভাগীয় মামলায় তিনি হলেন সিদ্ধান্ত প্রদানকারী কর্মকর্তা। তিনি সিদ্ধান্ত দিলেন, অভিযুক্ত কর্মকর্তাকে ব্যক্তিগত শুনানিতে ডাকা হোক।’

শেষ পর্যন্ত মামলার কী হয়েছিল, সে আরেক গল্প। তবে পুরো ঘটনা থেকে একজন অক্ষরের জাদুকর আমলা হিসেবে কেমন ছিলেন, তার একটি ধারণা তো পাওয়া গেল।