আমার এই ব্যারামে বেশ ‘আরাম’ দিলেন

রজনীকান্ত সেন
ছবি: সংগৃহীত

কান্তকবি হিসেবে খ্যাত কবি রজনীকান্ত সেন ছিলেন একাধারে কবি, গীতিকার ও বিপ্লবী নেতা। পেশায় ছিলেন আইনজীবী। গান-কবিতা লিখে স্বদেশি আন্দোলনকে চাঙা করে রাখতেন তিনি। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর তাঁর কবিতাই হয়ে উঠেছিল বিপ্লবীদের স্লোগান। তাঁর গানেই উত্তাল হয়েছিল বাংলার নানা প্রান্তর। 

তবে বিপ্লবী মানুষটি ছিলেন খুবই রসিক আর বন্ধুবৎসল। সমকালীন কবিদের সঙ্গে তাঁর ছিল মধুর সম্পর্ক। একদিন সকালে নিজের বাড়িতে বসে কবিতা লিখছিলেন তিনি। এমন সময় কবিবন্ধু রসময় লাহা তাঁর সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ছাইভস্ম নিয়ে এলেন তাঁকে উপহার দেওয়ার জন্য। 

বইটি গ্রহণ করে রজনীকান্ত সেন অমৃত নামে তাঁর বিখ্যাত গ্রন্থটি রসময় লাহার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ‘“ছাইভস্ম” দিয়ে “অমৃত” নিয়ে যান।’ তিনি তাঁর বন্ধুকে খোঁচা দিতেই এমন কথা বললেন। অর্থাৎ ছাইভস্মের মতো অকেজো জিনিস দিয়ে অমৃতের মতো ভালো ও মজাদার জিনিস নেওয়ারই ইঙ্গিত করলেন কবি। এতে অবশ্য তাঁর বন্ধুটি কিছু মনে করলেন না, বরং রজনীকান্ত সেনের এমন মোক্ষম রসিকতার জবাবে হো হো করে হেসে উঠলেন। 

আরেকবার অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী কান্তকবি। তাঁকে দেখতে এলেন সেই বন্ধু রসময় লাহা। এবার তিনি সঙ্গে করে নিয়ে এলেন আরাম নামে একটি বই। এই উপহার পেয়ে বেশ খুশি হলেন কবি, রোগশয্যায়ও রসিকতা করতে ভুললেন না। মজা করে বললেন, ‘আমার এই ব্যারামে বেশ “আরাম” দিলেন! 

সূত্র: অংশুমান চক্রবর্তীর বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা, পৃষ্ঠা: ১০৫-১০৬

গ্রন্থনা: বাশিরুল আমিন