ব্রিটেনের দ্য রয়েল মিন্ট শিশুদের প্রিয় ড্রাগন চরিত্র ‘জোগ’ নিয়ে ৫০ পেন্সের একটি বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করেছে। জুলিয়া ডোনাল্ডসন ও অ্যাক্সেল শেফলারের তৈরি চরিত্রটির ১৫ বছর পূর্তি উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়।
কয়েনটিতে জোগকে উড়ন্ত অবস্থায় দেখা যাবে। দ্য রয়্যাল মিন্টের শিশুতোষ চরিত্রের সংগ্রহে আগে থেকেই রয়েছে দ্য গ্রুফালো, দ্য গ্রুফালোস চাইল্ড চরিত্র। সেই তালিকায় যোগ হলো জোগ।
দ্য রয়্যাল মিন্টের স্মারক মুদ্রা বিভাগের পরিচালক রেবেকা মরগানের ভাষ্য, ‘জোগকে আমাদের অফিশিয়াল ইউকে ৫০ পেন্স সিরিজে যুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গল্পে দুর্ঘটনা ঘটলেও জোগ চেষ্টার কমতি রাখে না। তাঁর এই অধ্যবসায় ও আত্মপ্রত্যয়ের গুণাবলি আমাদের সবার অনুপ্রেরণা। চরিত্রটি ব্রিটেনের ঘরে ঘরে জায়গা করে নিয়েছে এবং শিশুদের সাহিত্যের প্রতি ভালোবাসা তৈরি করতে সাহায্য করে যাচ্ছে।’
লেখক জুলিয়া ডোনাল্ডসন বলেন, ‘আমি ভীষণ আনন্দিত যে জোগকে মুদ্রায় স্মরণ করা হচ্ছে। ১৫ বছর আগে যখন তার গল্প লিখেছিলাম, তখন ভাবিনি সে এত দূর মানুষের কল্পনায় পাখা মেলবে।’
‘জোগকে আঁকতে সব সময় ভালো লেগেছে। এখন সেই আঁকা ছবি মুদ্রায় রূপান্তরিত হচ্ছে, এটা আমার জন্য বিশাল সম্মান’—বলছিলেন চরিত্রটির চিত্রশিল্পী অ্যাক্সেল শেফলার।
এই স্মারক ৫০ পেন্সের মুদ্রা দ্য রয়্যাল মিন্টের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধাতু ও রঙিন সংস্করণে।
সূত্র: ইনডিপেনডেন্ট
lগ্রন্থনা: রবিউল কমল