রঙ্গ ভরপুর

দ্বিজেন্দ্রলাল রায় বললেন, ‘সে শয়তান তুমিই বটে!’

দ্বিজেন্দ্রলাল রায়
ছবি: সংগৃহীত

কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন খুবই রসিক। তাঁর রসিকতাগুলোও ছিল তির্যক। হাসতে হাসতে যে কাউকে কুপোকাত করায় তিনি ছিলেন দারুণ ওস্তাদ। ঔপনিবেশিক ভারতে ‘ধন-ধান্যে পুষ্পভরা আমাদের এ বসুন্ধরা’ গানটির এই রচয়িতা ছিলেন খুব দেশপ্রেমিক। মওকা পেলে প্রায়ই ইংরেজদের তুলাধোনা করতেন তিনি।

একবার এক ইংরেজ সাহেব ডি এল রায় নামে খ্যাত দ্বিজেন্দ্রলাল রায়কে বললেন, ‘তোমরা যে এত ইংরেজ–বিদ্বেষী, আমরা ইংরেজরা চলে গেলে দেখবে অন্য কোনো জাতি এসে তোমাদের ছিন্নভিন্ন করে ফেলবে।’ এর উত্তরে দ্বিজেন্দ্রলাল বললেন মোক্ষম কথাটি, ‘আমিও দেখব ইংরেজ সাহেবরা ভারতবর্ষ ছেড়ে গেলে কেমন করে অনাহারে মরে।’ তাঁর এমন ঠোঁটকাটা উত্তরে সেই ইংরেজের না থমকে আর উপায় কী।

আরেকবার বন্ধুদের সঙ্গে গল্প করতে রিজেন্ট পার্কে হাঁটছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। হঠাৎ খেয়াল করলেন, এক ইংরেজ সাধারণ লোকজনকে জড়ো করে ধর্মবাণী শোনাচ্ছেন। তো কী বলছেন সেই সাহেব, তা শোনার জন্য ভিড় ঠেলে সবার সামনে গিয়ে দাঁড়ালেন দ্বিজেন্দ্রলাল রায়। তাঁকে দেখে বক্তৃতা দিতে থাকা ইংরেজটি বললেন, ‘শয়তান তোমার মুখের দিকে তাকিয়ে আছে।’

ইংরেজ সাহেব কথাটি বলে শেষ করেতে পারেনি, অমনি মুখের কথা কেড়ে নিয়ে, খানিকটা উঁচু হয়ে দ্বিজেন্দ্রলাল বললেন, ‘হ্যাঁ, হ্যাঁ, সে শয়তান তুমিই বটে!’

দ্বিজেন্দ্রলাল রায়ের মুখে এমন উত্তর শুনে উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। আর সেই সাহেব বাঙালিদের সামনে এভাবে কুপোকাত হয়ে থ হয়ে রইলেন।

সূত্র: অংশুমান চক্রবর্তীর বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা

গ্রন্থনা: বাশিরুল আমিন