কবিতা

অচেনা

এইমাত্র মেঘ, এইমাত্র বৃষ্টি, এইমাত্র হাসনুহেনার ঝোঁপ থেকে

উঠে আসা তীব্র গন্ধ। জানালায় ঝুঁকে কী খোঁজো?

হারানো বেড়ালের ছায়া?

বিচ্ছিন্নতার আকাশ–পাতাল আঁকিবুঁকি?

দিন–মাস–বছরের নাছোড় হিসাব

একেবারে লক্করঝক্কর করে দিয়েছে।

চশমার কাচে ফিরে আসছে অস্পষ্টতা।

রহস্যোপন্যাসের লোকজনের মতো কারা এই শহরের

যোগাযোগ নিয়ন্ত্রণ করে?

দূর থেকে কারা পাঠায় তির্যক আলোকবার্তা?

ঘুমের মধ্যেও ভয়ের সংক্রমণ,

ডুবন্ত মানুষের হাসফাঁস বিছানা–বালিশ ভাসিয়ে নেয়...