বোধ

যে কিছুই বোঝে না, সে ও কিছু না কিছু বোঝে

যে সবকিছুই বোঝে, সে-ও বোঝে না কিছু কিছু

রাত্রির দ্বিতীয় প্রহর কাটে

তৃতীয় প্রহর কাটে

সদর সড়কে জন–চলাচল সংকীর্ণ হয়ে আসে

কমে যায় বিজ্ঞাপনের আলো আর রঙের আকর্ষণ

বন্ধ দরজাগুচ্ছ চোখ বুজে থাকে

হয়তো তখন তোমাকে খুঁজে পাওয়া যায় না মুঠোফোনে

হয়তো তখন তুমি অন্যত্র উধাও

পরোক্ষের সংকেত জ্বলে আর নেভে

মানুষ আদতেই কারও হয়ে থাকে না কখনো