অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

কবিতা

কাহার কবিতা

এ প্রথম আমার কবিতা
কেউ লিখে দিল!
আমি রাতে অন্ধকারে
সাদা পৃষ্ঠা ভরে যেতে দেখি
লাল নীল অক্ষরে অক্ষর
অলৌকিক জোনাকি পোকার মতো
ওড়ে তারা
গুঞ্জরিত হলো ধ্বনি ঝিঁঝিদের মতো
মৌনভূমিজুড়ে
কমা নাই, দাড়ি নাই, নাই সেমিকোলনও
শব্দ ’পরে শব্দ গায়ে গায়ে চড়ে
ঘুরে বেড়াতে লাগল
আদিগন্ত মেলে দেয়া ধু ধু পত্রবনে
অর্থ-অনর্থের ঘোরে

এ প্রথম আমার কবিতা
কেউ লিখে দিল
মুগ্ধ আমি
কেবল অক্ষর দেখি, শব্দ দেখি,
বাক্য দেখি ভগ্নরেখা ধরে

ধুলোটে আকাশ ভেঙে
ভীষণ কুয়াশা ঝরে পড়ে...