কবেকার শূন্যোদ্যানে
আজ রাতে চাঁদ গেছে থেমে
শ্বেতকায় পারাবত-মেঘ
নেবুচাদনেজারের প্রেমে
আমাদেরও প্রেম ছিল নাকি?
নিভৃতে কোথাও কোনো ঘর?
ঘাসে ঘাসে ছেয়ে গেছে সেই
ফেলে আসা লোহার বাসর
পরাগদণ্ডে ছিল সাপ
কুণ্ডলে তন্দ্রাবিলোল,
ফুলের প্রশ্নে এসে হাওয়া
উত্তরে দিয়ে গেল দোল
পেছনে হয়নি ফেরা আর
বিচলিত নদীটির কাছে
আমাদের প্রেমে উতরোল
আজও কিছু ঢেউ জমা আছে।