অনাথ প্রেমিক, তুমি তার মুখে স্তন্য তুলে দাও
তার শিশুদাঁত মৃদু কামড় বসায়, ধীরলয়ে
হামাগুড়ি দিয়ে বেড়ে ওঠে এক প্রেমিকশরীর
আলাভোলা, দেহে জ্বর আর দেখো নয়নে মদিরা
তুমি তাকে পুষে রাখো, চেনাও আগুন, দ্রাক্ষাবন
জঙ্গল ও গুহা, প্রাণরসপূর্ণ সমস্ত পরিখা
ধীরে ধীরে চিনে ট্যাটু ও টোটেম, সিন্দুকের চাবি
জাগরূক হয় তার নখর, শিকল, কলকবজা
পেলে–পুষে বড় করো, বন্দী হও পেশির জেল্লায়,
অতঃপর সে তোমাকে পিষে চলে হামানদিস্তায়!