বক্র পাতা হে

বক্র পাতা হে,

তোমার শিরায় তুমি আমাকেই দিয়ো ঠাঁই।

কুঠুরির মতো ঘরে

স্যাঁতসেঁতে অন্ধকারে থাকি,

কিরণ আমাকে পায় না,

আমাকে পায় না বাতাসের তাপিত প্রহার।

তবু নিরবধি বসন্ত কাটানো পাতা,

তোমার হলুদ বুকে আমাকেই নিয়ো লুফে—

মীনঘাইসম সৎকার।

পরিচ্ছদ খুলে ফেলে 

নিরাবরণ আমি—

এইখানে ঘুমাব নীরব,

তোমার ত্বকের নীড়ে।

ছড়িয়ে পড়েছে ঘ্রাণ, পোড়া সবুজের 

বক্র পাতা হে, ওগো আশ্রয়,

জেনেছি মানুষ সৌন্দর্য দেখেও ক্লান্ত হয়।

ঘাড় কাত করা মুমূর্ষুর মতো পড়ে আছি তাই

তোমারই বিকলপ্রায় সালোকসংশ্লেষণ প্রকোষ্ঠে।