
রোদ-ক্রোধে অন্ধ আমরা হাঁটছি যখন জ্যৈষ্ঠের পাহাড়ে
পাখির পিঠে বিঁধে থাকা তির ধরেছে জীবনের গান:
বাতাসে নাচছে পোল ড্যান্সার ঢঙে ছুরি-পিস্তল–সন্তান;
তোমাকে ভাবতে গেলেই কবরবাসীর বিন-হুংকার বাড়ে
আমরা যারা ভাবছি—রয়েছি দিব্যি জলজ্যান্ত খুব,
আমাদের শিরার গহিনে অহর্নিশ কালো আত্মার ডুব;
কিলবিলিয়ে পোকার বিস্তার—মগজ নতজানু নিশ্চুপ,
মনুষ্যত্ব নামের মাংসদলা রোজ পচনে উন্মুখ:
ভাবছি যারা—রয়েছি বেঁচে, আমরা মূলত শব-স্যুপ;
শিরার গহিনের সুড়ঙ্গে সাজানো অশেষ মৃত্যুকূপ
ভাবতে গেলেই তোমাকে, অকস্মাৎ অচেনা বিস্ফোরণ:
সুড়ঙ্গ ভেদে নেচে ওঠে জোনাকি যুগল নির্মল;
মাথার ভেতরে ফিনিক্স পাখির গোপন ডায়েরি সম্বল:
গৃহে ও গোরে প্রেমিকার হাড়ে নীল ভায়োলিন গুঞ্জন