ধূসর কল্পনা

কোনো দিন সন্ধ্যায় হাঁটতে গেলে একটা পুরাতন গলি ভালো লেগে যায়। টানা বারান্দা, খয়েরি দেয়াল। শেষ বাড়িটার পাঁচতলা অবধি যে নিমগাছ উঠে গেছে, মনে হয় তার ডালে একটা ভুলোলাগা আলো অনেক দিন ধরে আটকা পড়ে আছে। তোমাকে শোনাতে ইচ্ছা করে আমার জীবনের কথা।

ভাপ ওঠা ধানের ওপর আমাদের মেলে ধরা হাত, টুপটাপ শীতকাল ঝরে পড়ছে শজনের পাতায়, টিনের চাল, দুর্গাদহ পার হয়ে আরও অনেক দূর। এই সব রাত আমাদের বুকের মধ্যে বিয়ের গীত হয়ে বেজে যাচ্ছে।

তখনো পাহাড় দেখিনি। সাদাকালো টিভি আমাদের ধূসর সমুদ্রের কল্পনা দিয়েছে। ফেনা, ঢেউ, চারপাশে নুড়ি। চোখ কচলানো ঘুমের ওপর বাতাসের আরাম এসে লাগে। নির্জন, বালিশে গুঁজে থাকা বিকেলগুলো আমার। সিনেমার মতো করে যায়নি দিন। বহু ক্যালেন্ডার পুরোনো হবার পর তোমাকে পেয়েছি, তত দিনে সমুদ্রও নীল হয়ে গেছে।