
এমনই সে চায়—
আরামকেদারায়
বসে চুপচাপ
নাড়াতে দু’পা।
হাতে বই, ফ্লাস্কে চা
পিরিচে বিস্কুট
সকালের রোদ
চুমু খাবে ঘাসে।
বসে থাকবে সে
দুপুর অবধি
কোনো একদিন
নিষ্কাম অবসরে।
কেউ ডাকবে না
ডাকার নেই কেউ
থাকবে না যেহেতু
দুয়েকটা পাখি
থাকতে পারে।
এমনই সে চায়—
আরামকেদারায়
না শোনা গানে
নাড়াতে মাথা।