চারপাশে জলঘ্রাণ

সারা দিন সারা রাত বরষার রিংটোন বাজে

ঝরো ঝরো, আরও বেশি চমকায় জলপাইপাতা—

ভরে ওঠা মনু নদ আছড়ে পড়ে তীরে, উন্মত্ত

গতিতে লাগামহীন ছুটে চলে দূরান্তের গ্রামে

মাঠ হয় একাকার, দিগন্তের বাড়ি-বৃক্ষসারি

সুদূরের বাতিঘর, সাগরের মেয়ে হাওরের

রূপ দেখি মগ্নতায়। পাতাভেজা বনের ভেতর

গুহার গভীরে থাকে লুকিয়ে শেয়াল, বাগডাশ

সূর্যের মেলে না দেখা, অন্তরিক্ষে মেঘের চাদর।

সড়কের পাশে সারি অর্জুনের পাতা ভেজে, আর

আশ্চর্য সুন্দর ফোটে থোকা থোকা কদমের ফুল—

আল বেয়ে দল বেঁধে নামে কই–মাগুরের ঝাঁক

চারপাশে জলঘ্রাণ, নিরলস প্রবল বর্ষণ—

শত মৃত্যু, শত জন্ম—অন্তর্গত সহস্র দহন