বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারের ছোট্ট মিলনায়তনটি চেনাই যাচ্ছে না। পুরো ঘরটাই যেন মঞ্চ। আর আমরা বসে আছি সে মঞ্চের চারপাশে। নাটক শুরু হতেই ছয় নারী এসে দিলেন নিজেদের আত্মপরিচয়—আমি রীনা, আমি মেহের, আমি ময়না...।
সবাই–ই একাত্তরের বীরাঙ্গনার চরিত্র। সৈয়দ জামিল আহমেদের পরিকল্পনা ও নির্দেশনায় নীলিমা ইব্রাহীমের আমি বীরাঙ্গনা বলছি বইটি একই নামে নাটক হিসেবে মঞ্চে এনেছে নাট্যদল স্পর্ধা।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের হাতে নির্মমভাবে নিপীড়িত হয়েছিলেন যেসব নারী, তাঁদের কয়েকজনের জীবনসত্য ‘আমি বীরাঙ্গনা বলছি’। নাটকটিতে আমরা ময়না আর মেহেরজানের ব্যাথাতুর জীবনের গল্প শুনি। ময়না নারায়ণগঞ্জের ‘রাজনীতি করা মেয়ে’। আর কাপাসিয়ার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মেহেরজান। সবাই ডাকে মেহের বলে।
স্বাধীন বাংলাদেশের অর্ধশতকর পর, এই ২০২৩ সালে, ময়না চরিত্রের অভিনেত্রী শারমিন আক্তার মঞ্চে দাঁড়িয়ে। কিন্তু আমরা পৌঁছে গেছি ১৯৭১ সালে। বর্ণনা করতে করতে বলা হচ্ছে গল্প। ময়না বলে যাচ্ছে তার আখ্যান। একাত্তরে তার বাবাকে জেল থেকে ছেড়ে দিয়ে বাবার ‘জামিনদার’ হিসেবে কেমন করে তাকে বন্দী করেছিল পাকিস্তানিরা। তারপর পাকিস্তানি সৈন্যদের হাতে নিপীড়ন আর লাঞ্ছনা। লুঙ্গি–গেঞ্জি পরিয়ে ময়নাদের রাখা হয় জানালা–দরজাহীন ঘরে। সেই লুঙ্গিতে জমাট রক্ত।
প্রযোজনাটি আদতে চাপ চাপ রক্তই দেখিয়েছে আমাদের। দেখিয়েছে, কতটা বীভৎস হতে পারে নারীদের ওপর অত্যাচারের মাত্রা। আর তা দেখাতে নির্দেশক সৈয়দ জামিল আহমেদ নাটকের শুরুতেই সাইক্লোরামার ওপর কিছু ছবি ফেলেন—একাত্তরের নির্যাতিত নারীদের চিত্রমালা। এরপর পাকিস্তানিদের ভয়াবহতা যখন চারদিক থেকে আমাদের ঘিরে ধরেছে, তখন দেখতে পাই, ময়নার ওপর থাবা বসাচ্ছে পাকিস্তানি সেনারা। মঞ্চে সে সময় একজন নয়, অনেক ময়না। একজন ময়না বা একজন মেহেরের গল্প দেখাতে গিয়ে শুরু থেকেই নির্দেশক মঞ্চে এনেছেন অনেককে। তারা সবাই–ই ময়না বা মেহের।
ময়না ও মেহের গল্প করেন বর্ণনা করতে করতে, বর্ণনাত্মক অভিনয়রীতিতে। আর আমরা দেখি, প্রতিটি বর্ণনার সঙ্গে সঙ্গে চরিত্রের অভিনয়, মনোভাব, কোরিওগ্রাফ ও আলোর নিপুণ ব্যবহারে বদলে যাচ্ছে দৃশ্য! প্রতিটি দৃশ্যই যেন শিল্পিত চিত্রকর্ম!
নারীর ওপর নিপীড়নের দৃশ্যগুলো সৈয়দ জামিল আহমেদ মূর্ত করে তুলেছেন ‘ভয়ংকর সুন্দর’ কোরিওগ্রাফির মধ্য দিয়ে। কখনো কখনো খুব মিহি স্বরে ভেসে আসে গোঙানি। মঞ্চজুড়ে ফুটে ওঠে লাল আলো। সেই আলো, অভিনয় আর মর্মান্তিক দৃশ্য আমাদের মর্মে এসে বেঁধে। দেখতে দেখতে কখনো চোখ ফিরিয়ে নিতে হয়। আবার দেখতে না পেরে কেউ বা বন্ধ করে ফেলেন চোখ। ময়নার গল্প বলার সময় পুরো মঞ্চ একবার অন্ধকারও করে ফেলেন নির্দেশক। অভিনয় তখনো চলছে।
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়েছে, ময়না ‘স্বাধীন’ হয়নি। কেউই গ্রহণ করেনি তাকে। তাই ‘বীরাঙ্গনা’র বদলে সে যখন নিজেকে ‘বারাঙ্গনা’ বলে আর্তনাদ করে, সে দৃশ্য আমাদের হৃদয় চিরে দেয়। বর্ণনার শিল্পময়তার সঙ্গে একধরনের ‘স্টাইলাইজ্ড’ অভিনয়ের মধ্য দিয়ে বয়ে চলে নাটকটি।
ময়নার গল্পের পর মঞ্চে আসে মেহেরজান। নিপীড়নের দৃশ্যগুলো ফিরে আসে আবার। তবে ময়নার সঙ্গে মেহেরের তফাত আছে। পাকিস্তানিদের হাতে বন্দী থাকার সময় পরিস্থিতির শিকার হয়ে সে বিয়ে করেছিল নাদির খান নামে এক পাঠান সৈন্যকে। মুক্তিযুদ্ধের পর তাই যুদ্ধবন্দী হিসেবে পাকিস্তানে চলে যেতে হয় তাকে। যাওয়ার আগে ‘আমি বীরাঙ্গনা বলছি’ বই থেকে মেহের চরিত্র রূপায়নকারী মহসিনা আক্তার আমাদের শুনিয়ে যান নিষ্ঠুর কয়েকটি লাইন, ‘আমার রাষ্ট্র আমাকে স্বীকৃতি দিয়েছে, আমার পিতা–মাতাও আমাকে হাত বাড়িয়ে বুকে নিতে চেয়েছিলেন, কিন্তু সমাজের জুলুমবাজির ভয়ে আমি তাদের ঘরে যেতে পারিনি।’
দুই বীরাঙ্গনার একজন ময়না থাকল বাংলাদেশে, আর মেহেরজানকে চলে যেতে হলো পাকিস্তানে। ওই দেশে গিয়েও তো মেহের জাতিপরিচয়ে বাঙালি। একসময় বাংলাদেশে ফিরেও এসেছিল, কিন্তু সমাজ তাকে নেয়নি।
১৬ থেকে ৩০ জুন প্রতিদিন এ নাটকের প্রদর্শনী চলছে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে। ছুটির দিন বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। অন্য দিনগুলোয় প্রদর্শনী শুরু হয় সন্ধ্যা সাতটায়। এই নাটকে দেওয়া হয়েছে কিছু ইঙ্গিত। নাটকটি দেখলে ওই সব ইঙ্গিত আপনাদের বুকের গভীরে গিয়ে বিঁধবে। আপাতত শুধু এটুকুই বলি, ‘আমি বীরাঙ্গনা বলছি’ কেবল একটি নান্দনিক প্রযোজনাই নয়, একটি রাজনৈতিক প্রশ্নও বটে।